নিহত ব্যক্তিদের স্মরণের মধ্য দিয়ে ৯/১১ হামলার এক দশক পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত ব্যক্তিদের স্মরণের মধ্য দিয়ে গতকাল রোববার নয়-এগারোর ভয়াবহ সন্ত্রাসী হামলার এক দশক পালন করেছে মার্কিনরা। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেন। এখানে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।দিবসটি উপলক্ষে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পর্যন্ত অন্তত দেড় শতাধিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। নয়-এগারো হামলায় নিহত ব্যক্তিদের স্বজন, জরুরি বিভাগের লোকজন ও যুদ্ধাহত সেনা-সদস্যদের সম্মিলন ঘটে এসব অনুষ্ঠানে।প্রতিবছরের মতো এবারও মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে। নয়-এগারোর সন্ত্রাসী হামলায় সেখানকার টুইন টাওয়ার ধুলোয় মিশে গিয়েছিল। নিহত হয়েছিল ওই ভবনে অবস্থানরত দুই হাজার ৯৭৭ জনের মধ্যে দুই হাজার ৭৫৩ জন। এক দশক পূর্তির আগে-পরে আল-কায়েদার সন্ত্রাসীরা হামলা চালাতে পারে—এই ভয়ে শঙ্কিত ছিল মার্কিনরা। হামলার ব্যাপারে ‘গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট’ তথ্য রয়েছে, ফেডারেল কর্মকর্তাদের এ রকম সতর্কবাণীর পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়। সম্ভাব্য হামলা ঠেকাতে গতকাল দেশটির বড় বড় শহরগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ মোতায়েন করা হয় নিউইয়র্ক, ওয়াশিংটনসহ বড় বড় শহরগুলোতে। সেই সঙ্গে ছিল বোমা শনাক্তকারী কুকুর (বোম-স্নিফিং ডগস)। শহরের প্রবেশপথ এবং মহাসড়কগুলোতে বসানো হয় তল্লাশি চৌকি। সন্ত্রাসী হামলায় গুঁড়িয়ে যাওয়া টুইন টাওয়ারের পাদদেশে নির্মিত কৃত্রিম ঝরনা-সংবলিত স্মৃতিস্তম্ভটিও গতকাল নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি উ ৎ সর্গ করা হয়। স্মৃতিস্তম্ভটির ব্রোঞ্জ-নির্মিত পাড়ে খোদাই করা আছে ২০০১ সালে নিউইয়র্ক, পেনসিলভানিয়া এবং পেন্টাগনে সন্ত্রাসী হামলায় নিহত প্রায় তিন হাজার ব্যক্তির নাম ছাড়াও ১৯৯৩ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বোমা হামলায় নিহত ছয় ব্যক্তির নামও।এর আগে গত শনিবার প্রেসিডেন্ট ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পেনসিলভানিয়ার স্যাঙ্কসভিলে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। মার্কিন গোয়েন্দারা ‘গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট’ হামলার আশঙ্কা করলেও প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সন্ত্রাসীরা কোনো দিনই জয়ী হবে না। ওবামা বলেন, ‘আমরা আমাদের প্রিয় দেশকে অবশ্যই রক্ষা করব। সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এক পাও পিছু হটবে না।’ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বুশ নয়-এগারোতে পেনসিলভানিয়ার স্যাঙ্কসভিলে নিহত বিমানের ৪০ জন যাত্রী এবং নাবিককে বীর আখ্যায়িত করে বলেন, আমেরিকা নয়-এগারোকে কখনোই ভুলবে না।এ ছাড়া নয়-এগারোর সন্ত্রাসী হামলার এক দশক পূর্তি উপলক্ষে গতকাল যুক্তরাজ্যেও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নয়-এগারোতে যুক্তরাজ্যের নিহত ৬৭ ব্যক্তির স্বজনেরা লন্ডনের গ্রোসভেনর চ্যাপেলে আয়োজিত ওই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া লন্ডনে মার্কিন দূতাবাসের পাশে অবস্থিত ‘সেপ্টেম্বর ১১ মেমোরিয়াল গার্ডেনে’ আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্র, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় হামলা চালায়। এএফপি, রয়টার্স ও বিবিসি।