১১০ বছর বয়সে বিয়ে!
মালয়েশিয়ার ১১০ বছরের এক বৃদ্ধ বিয়ে করতে যাচ্ছেন। তাঁর ডাকে ৮২ বছরের এক বৃদ্ধা সাড়া দেওয়ার পরই তিনি বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন।মালয় ভাষার পত্রিকা ইউটুসান জানায়, মোহাম্মদ ইসা নামের এক বৃদ্ধ ৮২ বছরের বৃদ্ধা সানাহ আহমেদকে সঙ্গ দিতে এবং তাঁর দেখভাল করার আগ্রহ দেখান। এতে ওই বৃদ্ধা সাড়া দেন। ইসার সঙ্গে যোগাযোগ করে বিয়ের আয়োজন করতে তিনি তাঁর সন্তানদের নির্দেশ দিয়েছেন। ইসার ২০ নাতি-নাতনি এবং তাঁদেরও ৪০ জন সন্তানসন্ততি রয়েছে। আর সানাহ ৩০ বছর আগে বিধবা হন এবং তাঁর রয়েছে নয় সন্তান। উল্লেখ্য, ইসা পত্রিকাটিকে বলেন, ‘সানাহর সন্তান কোনো বিষয় নয়। সে আমার জন্য রান্না করতে পারলেই হলো।’ ইসা বলেন, ‘একা একা আমি নিঃসঙ্গ বোধ করি এবং ঘুমুতে ভয় পাই। আমার একজন স্ত্রী থাকলে সে আমার যত্ন নিতে পারবে।’ইসা এর আগে আরও পাঁচবার বিয়ে করেন। তাঁর আগের চার স্ত্রী মারা গেছেন ও পঞ্চমজনের সঙ্গে বিয়ে ভেঙে যায়।সানাহ জানান, ইসাকে তাঁর পছন্দ হয়েছে। কারণ তাঁর মৃত স্বামীর সঙ্গে তাঁর মিল রয়েছে। এ ছাড়া দুজনের নামও এক। এএফপি।