১১৭ বছর আগে ডুবেছিল জাহাজটি
১১৭ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের বিস্ট্রল চ্যানেলে বালুর নিচে পাওয়া গেছে জাহাজটি। বন্দরের নিয়মিত জরিপে জাহাজটির অস্তিত্ব ধরা পড়ে।
বিস্ট্রল চ্যানেল হলো যুক্তরাজ্যের অন্যতম প্রবেশদ্বার। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডেভন এবং সমারসেট থেকে দক্ষিণ ওয়েলসকে পৃথক করেছে এই চ্যানেল।
১৯০০ সালে বড়দিনের রাতে বিস্ট্রল চ্যানেলের কাছে পৌঁছানোর পর ডুবে যায় বার্নসউইক জাহাজটি। সলিল-সমাধি হয় এর সাত আরোহীর। পরে এ বিষয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয় তাতে বলা হয়, ২৪ ডিসেম্বর ঘন কুয়াশার কারণে ডুবে যায় বার্নসউইক। অভিযোগ ওঠে, এর প্রধান নাবিক জন রিচার্ড ঘন কুয়াশার মধ্যেও জাহাজের গতি কমাননি, আর এতেই ডুবে যায় জাহাজটি।
সম্প্রতি ব্রিস্টল বন্দরের হাইড্রোগ্রাফিক দল জাহাজের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে। জাহাজটি সাগরের স্রোতে আসা বালুতে আবারও ডুবে যাওয়ায় এর ভেতরের অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
১৮৯৮ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে তৈরি হয় বার্নসউইক। লিভারপুল ও ব্রিস্টলে নিয়মিত কার্গো পরিবহনে ব্যবহৃত হতো জাহাজটি। সূত্র: বিবিসি অনলাইন