১২ ঘণ্টার লড়াইয়ে নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি হোটেলে বৃহস্পতিবার রাতে হামলা চালায় তালেবান জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে প্রায় ১২ ঘণ্টা লড়াই করে হোটেলটির নিয়ন্ত্রণ নেয় আফগান নিরাপত্তা বাহিনী। এ লড়াইয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ কথা জানায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, কাবুলের অদূরে জনপ্রিয় পিকনিক স্পট কারঘা লেকের স্পোজমাই হোটেলে ওই হামলা চালানো হয়। এতে ১২ জন বেসামরিক ব্যক্তি, হোটেলের তিনজন নিরাপত্তাকর্মী ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।তবে বিবিসির খবরে বলা হয়, নিহতদের মধ্যে পাঁচজন তালেবান সদস্য রয়েছে। ওই পাঁচজনই স্পোজমাই হোটেলে হামলা চালায়। তালেবান এই হামলার দায় স্বীকারও করেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কয়েকজন বন্দুকধারী রকেটচালিত গ্রেনেড ও ভারী মেশিনগান নিয়ে বৃহস্পতিবার রাতে ওই হোটেল আক্রমণ করে। তারা হোটেলের বাসিন্দাদের জিম্মি করে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আফগান কর্তৃপক্ষ হোটেলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেখা যায়, হোটেলের বিভিন্ন কক্ষে রক্তের ছাপ। নারী ও শিশুসহ আহত বেশ কয়েকজনকে বের করে আনা হচ্ছে। ঘটনার সময় ওই হোটেলে ছিলেন ২৪ বছর বয়সি আবদুল্লাহ সামাদানি। তিনি বলেন, ‘হঠাৎ করেই রকেট চালিত গ্রেনেডের বিকট শব্দ শুনতে পাই। সবাই হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করি। কিন্ত কয়েকজন বন্দুকধারী নিজেদের আত্মঘাতি হামলাকারী পরিচয় দিয়ে আমাদের ঘিরে ফেলে।’পুলিশ সূত্র জানায়, ওই সময় হোটেল পিকনিক বা বিয়ের অনুষ্ঠান চলছিল। কাবুলের উপপুলিশ প্রধান দাউদ আমিন বলেন, ‘সাধারণ মানুষের জীবনহানি এড়াতে আমরা বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযানের ব্যাপারে বেশ সতর্ক ছিলাম।’ মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে আফগান বাহিনী ১২ ঘণ্টা পর হোটেলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।হামলার দায় স্বীকার করে তালেবান বলেছে, ওই হোটেল সম্পদশালী আফগান ও বিদেশিদের ‘উচ্ছৃঙ্খল আয়োজনের’ কেন্দ্রবিন্দু ছিল। সাম্প্রতিক মাসগুলোতে আফগান সেনাবাহিনী ও পুলিশ মারাত্মক কিছু জঙ্গি হামলার মোকাবিলা করে প্রশংসা কুড়িয়েছে। আফগান জনগণেরও সমর্থন পেয়েছে তারা। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সব সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। বিবিসি, এএফপি।