১২ মাসের জন্য বিশেষ ক্ষমতা পেলেন মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আগামী এক বছর দেশের আইন পরিষদ কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করেই ডিক্রি জারির মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। গত মঙ্গলবার কংগ্রেস মাদুরোকে এই ক্ষমতা দিয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি ও মুদ্রাস্ফীতি মোকাবিলায় সরকার যখন হিমশিম খাচ্ছে, তখন প্রেসিডেন্টের হাতে এই ক্ষমতা দিল দেশটির কংগ্রেস।
এ-সংক্রান্ত বিলে সই করার পর প্রেসিডেন্ট মাদুরো নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণ এবং কঠোর দুর্নীতিবিরোধী অভিযান চালানোর অঙ্গীকার করেছেন। এই বিশেষ ক্ষমতা তিনি দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যবহার করবেন বলে উল্লেখ করেছেন মাদুরো। তবে তাঁর রাজনৈতিক বিরোধীরা এই উদ্যোগের কঠোর সমালোচনা করে বলেছেন, এই ক্ষমতা সরকারবিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি ভেনেজুয়েলায় খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে দাম অনেক বেড়ে গেছে। দেশটিতে মুদ্রাস্ফীতির হার এখন প্রায় ৫৪ শতাংশ। এই পরিস্থিতি মোকাবিলায় মাদুরো ইতিমধ্যে খুচরা পণ্য বিক্রেতাদের পণ্যের দাম ৬০ শতাংশের বেশি কমানোর জন্য চাপ দিয়েছেন। সার্বিক পরিস্থিতিকে ‘অর্থনৈতিক অন্তর্ঘাত’ আখ্যা দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘এই আইন কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পণ্যের দাম কমে এসেছে। এই দাম যেমন থাকা উচিত, তেমনই থাকবে। আর এই আইন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহূত হবে।’
তবে সরকারের উদ্যোগের সমালোচনা করে বিরোধী দলের এমপি আন্দ্রেস ভেলাসকুয়েজ বলেছেন, ‘কেন প্রেসিডেন্ট মাদুরোকে আরও ক্ষমতা দিতে হবে? তিনিই তো অর্থনীতি পরিচালনা করছেন।’ ভেনেজুয়েলার একটি টেলিভিশনে আন্দ্রেস এই প্রশ্ন তোলেন।
ক্যানসারে আক্রান্ত হয়ে গত মার্চে মারা যান ভেনেজুয়েলার সমাজতন্ত্রী নেতা হুগো চাভেজ। তাঁর উত্তরসূরি মাদুরো প্রয়াত বিপ্লবী নেতার মতো সব দিক থেকে সমর্থন পাচ্ছেন না। যদিও চাভেজের নীতি ও কৌশল অনুযায়ী দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন তিনি। বিশেষ করে দরিদ্রদের মাঝে জনপ্রিয় হুগো চাভেজ তাঁর ১৪ বছরের শাসনামলে চারবার ডিক্রি জারির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পেয়েছিলেন। বিবিসি।