প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লন্ডন থেকে ১২ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে মালবাহী ট্রেনটি চীনের ওয়াইউ শহরে পৌঁছেছে। এটি এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেলপথ। লন্ডন থেকে ট্রেনটি গত ১০ এপ্রিল রওনা হয়। এটি ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া ও কাজাখস্তানের ওপর দিয়ে ২০ দিন ধরে চলে গত শনিবার পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের ওয়াইউ শহরে পৌঁছায়। ‘ইস্ট উইন্ড’ নামের ট্রেনটিতে হুইস্কি, শিশুখাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশ পরিবহন করা হয়। পশ্চিম ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক দৃঢ় করতে এ পর্যন্ত চীনের এটা সবচেয়ে বড় উদ্যোগ। সরাসরি বাণিজ্য যোগাযোগ শক্তিশালী করতে ২০১৩ সালে ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির ঘোষণা দেয় চীন। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলপথ চীন-মাদ্রিদ লিংক। ২০১৪ সালে ১৩ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেলপথটি খুলে দেওয়া হয়।