১২-১২-১২ উপলক্ষে বিয়ের ধুম
আজ ১২ ডিসেম্বর ২০১২ সাল। সে হিসেবে তারিখ লিখলে হয় ১২-১২-১২। অনেকের কাছেই অন্যসব দিনের মতোই আজকের দিনটিও। তবে কেউ কেউ আজকের দিনটিকে বিশেষ দিন হিসেবে নিয়েছেন। দিনটিকে স্মরণীয় করতে অনেকেই আজ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিয়ের পোশাক তৈরি প্রতিষ্ঠান ডেভিডস ব্রাইডালের হিসাবে, আজকের দিনে আনুমানিক সাড়ে সাত হাজার কনে বিয়ের পিঁড়িতে বসবেন।সারা বিশ্বেই আজকের তারিখটি জনপ্রিয়তা পেয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন মতে, গত বছরের তুলনায় আজকের তারিখে প্রায় চার গুণ বেশি যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আর সিঙ্গাপুরে বৃদ্ধির এই হার আট গুণ (এবার সেখানে ৫৪০ জন বিয়ে করবেন)।কানাডার যুগল ক্রিস্টিনা সেবেসি ও রেক্স লু জানান, তাঁরা আজ বিয়ে করবেন। বিয়ের প্রথাগত সব আয়োজনের পাশাপাশি তাঁরা ভিন্ন কিছু পরিকল্পনায় রেখেছেন।সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ ড্যানিয়েল আর হার্ডের মতে, অনেকেই মনে করছেন, ১২-১২-১২ তারিখটি তাঁদের জন্য সৌভাগ্য বয়ে আনবে; তবে সংখ্যাতাত্ত্বিক কোণ থেকে দেখলে বলতে হয়, যাঁরা বিয়ে করতে চাইছেন, তাঁদের ব্যক্তিগত সুবিধার বিষয়টি মাথায় রেখেই বিয়ের দিনক্ষণ ঠিক করা উচিত। ফক্স নিউজ।