১২০টি দেশ নিয়ে সৌরশক্তির জোট ঘোষণা মোদির
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে নিয়ে ১২০টির বেশি দেশের সমন্বয়ে এক সোলার (সৌরশক্তি) জোটের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্যারিসে চলমান বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন ‘কপ ২১’-এ গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
সোলার জোটের মধ্যে রয়েছে মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দেশগুলো। কিছু ইউরোপীয় দেশও আছে এর সঙ্গে। জোটের সদর দপ্তর ভারতে প্রতিষ্ঠায় দেশটির সরকার প্রাথমিকভাবে তিন কোটি ডলার বিনিয়োগ করছে। সদস্য দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৪০ কোটি ডলার সংগ্রহ করা এ জোটের লক্ষ্য।
এ উদ্যোগের ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মোদি এক সংবাদ সম্মেলনে বলেন, জীবাশ্ম জ্বালানি এই পৃথিবীকে এক বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এ অবস্থায় উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর।
নরেন্দ্র মোদি বলেন, ‘সৌর প্রযুক্তি বিকশিত হচ্ছে, (জ্বালানি) খরচ কমে আসছে ও গ্রিড যোগাযোগের উন্নয়ন ঘটছে। পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে সর্বজনীন প্রবেশাধিকারের স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে। আর নতুন শতকের নতুন অর্থনীতির ভিত্তিই হবে এটি।’