ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ভারত সফরে গিয়ে এক হাজার ২০০ কোটি ডলারের যুদ্ধবিমান ক্রয়ের চুক্তির জন্য নয়াদিল্লিকে তাগাদা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওলাঁদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠককালে চুক্তির বিষয়ে তাগিদ দেয়। গত বছরের জানুয়ারিতে ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য আলোচনা শুরু করে ভারত। এর পর থেকে চুক্তির বিষয়ে বিলম্ব ঘটছে। গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়া ও প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ ইভ লো দ্রায়াসহ পাঁচ মন্ত্রীর উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলকে নিয়ে দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান। নয়াদিল্লি পৌঁছার পর ভারতের রাষ্ট্রপতির বাসভবনে যান ফ্রান্সের প্রেসিডেন্ট। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ওলাঁদের প্রথম এশিয়া সফর।বৈঠকের পর ওলাঁদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রণব মুখার্জি বলেন, ফ্রান্স থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনায় ‘ভালো অগ্রগতি’ হয়েছে। এ সময় ওলাঁদ বলেন, ‘আমার ধারণা, এ বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’সংবাদ সম্মেলনে ওলাঁদ আরও বলেন, ‘ভারত সফর করাটা আমি ও আমাদের ফ্রান্সের জন্য বড় সম্মানের বিষয়। আমি নিশ্চিত, আমাদের এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারি অনেক দূর নিয়ে যাবে।’ ওলাঁদের সঙ্গে ফ্রান্সের কয়েকজন ব্যবসায়িক নেতাও ভারত এসেছেন। তাঁদের মধ্যে ড্যাসল্টের প্রধান নির্বাহী এরিক ট্রাপিয়ারও রয়েছেন। ড্যাসল্ট থেকে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য আলোচনাধীন এই চুক্তিকে বর্তমানে বিশ্বের প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় চুক্তি হিসেবে দেখা হচ্ছে। ভারতের বিমানবাহিনীর প্রধান বলেছেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকের সময় ওলাঁদ ওই চুক্তির বিষয়ে তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ওলাঁদের বৈঠকেও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হতে পারে। এর আগে গত সপ্তাহে বিমানবাহিনীর প্রধান বলেছেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে ওই চুক্তি সই হতে পারে।গত বছর ভারত বিমানবাহিনীকে সমৃদ্ধ করতে নতুন যুদ্ধবিমান ক্রয়ের পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে নয়াদিল্লি ফ্রান্সের ড্যাসল্টকে বেছে নেয়। তবে ওলাঁদের সঙ্গে আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে উল্লেখ করলেও নয়াদিল্লি বলছে, ওলাঁদের সফরকালেই এই চুক্তি সই হচ্ছে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদও ইঙ্গিত দিয়েছেন, চুক্তির জন্য প্যারিসকে একটু ধৈর্য ধরতে হবে। এএফপি।