১২৪ মামলায় ১১৯৫ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

এক কিংবা দুই বছর নয়, মিসরের এক ব্যক্তিকে ১ হাজার ১৯৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১২৪টি জালিয়াতির মামলায় আদালত তাঁর ওই সাজা দেন। এই কারাদণ্ড মাথায় নিয়ে পালিয়ে ছিলেন ওই আসামি। তবে তাঁকে বেশি দিন পলাতক থাকার সুযোগ দেয়নি দেশটির পুলিশ। গত বুধবার রাজধানী কায়রোর একটি বাসা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মিসরের সংবাদমাধ্যম আল ইউম আল সাবার বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ১২৪টি ভিন্ন জালিয়াতির ঘটনায় ওই মিসরীয়র ১ হাজার ১৯৫ বছর সাজা দেন মিসরের একটি আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে সরকারি নথি ও ব্যাংক নোট জালিয়াতির একাধিক ঘটনা রয়েছে। রায় ঘোষণার পর মিসরের উপকূলীয় শহর পোর্ট সৈয়দের নিজ বাসভবন থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। তিনি পরে গিয়ে ওঠেন রাজধানী কায়রোর উপকণ্ঠের ফিফথ সেটেলমেন্ট নামের এলাকার একটি বহুতল বাসভবনে।

সেখানেই তিনি আত্মগোপনে ছিলেন কয়েক দিন। বিশাল ওই ভবনে তিনি বেশ আরাম-আয়েশে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে সেখান থেকে পাকড়াও করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কথা স্বীকার করেন। পরে দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিকে কারাগারে পাঠায় পুলিশ। তবে ওই ব্যক্তির নাম ও বয়সসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।