১২৭ বছরে পা দিল কংগ্রেস
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ১২৭ বছরে পা দিয়েছে গতকাল ২৮ ডিসেম্বর। দেশজুড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে কংগ্রেস।দিল্লির ২৪ আকবর রোডে কংগ্রেসের পতাকা তুলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সভাপতি সোনিয়া গান্ধী। অন্যান্য রাজ্যেও আলাদাভাবে পালিত হয়েছে দিবসটি।১৮৮৫ সালে প্রতিষ্ঠিত কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন বাঙালি রাজনীতিবিদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বর্তমান সভাপতি সোনিয়া গান্ধী ১৯৯৮ সাল থেকে এই পদে রয়েছেন।কংগ্রেস গঠনের জন্য মহারাষ্ট্রের পুনে শহরে প্রথম সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু পুনেতে প্লেগ ছড়িয়ে পড়ায় পরে সম্মেলন স্থল মুম্বাইয়ে পরিবর্তন করা হয়। সম্মেলন অনুষ্ঠিত হয় ১৮৮৫ সালের ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ওই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে কংগ্রেস। ভারতের ১২টি রাজ্যে এখন ক্ষমতায় রয়েছে কংগ্রেস। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত কংগ্রেসের সাতজন নেতা প্রধানমন্ত্রী হয়েছেন। এঁরা হলেন জওহরলাল নেহরু, গুলজারিলাল নন্দ, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পি ভি নরসীমা রাও ও মনমোহন সিং।