১৩ জনকে হত্যা, মার্কিন সেনার বিচার শুরু
২০০৯ সালে নির্বিচারে গুলি করে ১৩ জনকে হত্যা করার অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা মেজর নিদাল মালিক হাসানের বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার টেক্সাসের এক সামরিক আদালতে এই বিচার শুরু হয়।
সরকারপক্ষের আইনজীবী কর্নেল স্টিভ হ্যানরিকস আদালতে হত্যাকাণ্ডের বিবরণ দেন। আদালতকে তিনি জানান, নিদাল হাসান অনেক দিন ধরে এ হত্যাকাণ্ডের প্রস্তুতি নেন। ২০০৮ সালের ডিসেম্বর থেকে তিনি আল-কায়েদা নেতা আনওয়ার আল আওলাকির সঙ্গে ই-মেইলে যোগাযোগ শুরু করেন। হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র ও অতিরিক্ত গোলাবারুদ সংগ্রহ করেন।
সরকারপক্ষের আইনজীবী আদালতে বলেন, নিদাল হাসানের বিশ্বাস জন্মেছিল যে সহযোদ্ধাদের হত্যা করা এক জিহাদি দায়িত্ব। ঘটনার দিন ‘আল্লাহু আকবর’ বলেই তিনি অপ্রস্তুত সহযোদ্ধাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।
বিচার চলাকালে হুইলচেয়ারে বসা নিদাল হাসান ছিলেন নির্বিকার। তিনি নিজের জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি। নিজেই নিজের মামলা পরিচালনা করবেন। যুক্তরাষ্ট্রে জন্ম নিয়ে সেখানে বেড়ে ওঠা ৪২ বছর বয়সী নিদাল হাসান এখন শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা গুলিতে তিনি আহত হন।
১৩ জনকে গুলি করে হত্যা ও ৩২ জনকে আহত করার কথা স্বীকার করে নিদাল বলেন, ‘সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হবে আমিই গুলি করেছি।’ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘সাক্ষ্য শুধু ঘটনার একটি দিক প্রমাণ করবে।’ ঘটনার অপর দিকটি কী হতে পারে, তিনি তা আর প্রকাশ করেননি। তবে ঘটনা ঘটানোর সময় কোনো ভুল করে থাকলে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন।
বিচারে নিদাল হাসানের মৃত্যুদণ্ডাদেশ হতে পারে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৯৬১ সালের পর আর কোনো সেনাসদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়নি। নিদাল হাসান আদালতে স্বেচ্ছায় অপরাধ স্বীকার করার আবেদন জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সামরিক বিধি অনুযায়ী মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে স্বেচ্ছায় অপরাধ স্বীকার করার বিধান নেই। বিচারের শুরুতে নিদাল হাসান আদালতে দেওয়া এক আবেদনে বলেছিলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা থেকে তালেবানকে রক্ষা করার জন্য তিনি গুলি ছুড়েছিলেন।