১৩ দেশের ২৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পাতা ফাঁদে শেষ পর্যন্ত ধরা পড়েছে অবৈধভাবে ক্রেডিট কার্ডের তথ্য আদান-প্রদানকারী একটি চক্র। টানা দুই বছর ধরে চারটি মহাদেশে গোপন অভিযান পরিচালনার পর এ সাফল্য পেয়েছে এফবিআই। ক্রেডিট কার্ডের তথ্য চুরিরর অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩টি দেশের অন্তত ২৪ জন নাগরিককে গ্রেপ্তার করেছে সংস্থাটি। গত মঙ্গলবার এফবিআই এ তথ্য প্রকাশ করেছে। ক্রেডিট কার্ড জালিয়াত চক্রকে ধরতে এফবিআই পরিচালিত অভিযানটির পোশাকি নাম ছিল ‘অপারেশন কার্ড শপ’। ২০১০ সালের জুন মাসে ‘ক্রেডিট প্রফিট’ নামে ক্রেডিট কার্ডের তথ্য বিক্রি ও কেনার জন্য একটি ভুয়া অনলাইন ফোরাম খুলে এফবিআই। এই অনলাইন ফোরামের ব্যবহারকারীরা চুরি হওয়া হিসাব নম্বর (অ্যাকাউন্ট) এবং কার্ড নম্বর বিনিময় করতে পারত।মূলত এই ফোরামের মাধ্যমেই যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়া—এই চার মহাদেশের সাইবার অপরাধীদের শনাক্ত করতে পেরেছে সংস্থাটি। বিবিসি।