১৩ বছরের বালকের এভারেস্টের চূড়ায় আরোহণের পরিকল্পনা
ক্যালিফোর্নিয়ার ১৩ বছর বয়সী বালক জর্ডান রোমেরো হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণের পরিকল্পনা করেছে। এতে সফল হলে জর্ডানই হবে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় আরোহণকারীদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যক্তি।২৯ হাজার ৩৫ ফুট উঁচু এভারেস্টে উঠতে জর্ডানের সফরসঙ্গী হবেন তার বাবা ও বাবার বান্ধবী। তাঁরা দুজন জর্ডানকে পর্বতারোহণের প্রশিক্ষণ নিতে সহযোগিতা করেছেন। আগামী সোমবার রাতে তাদের নেপালে পৌঁছানোর কথা। জর্ডান জানায়, ‘আমি আমার বাবাকে আমার ইচ্ছের কথা জানিয়েছি। তিনি না বলেননি। তিনি কেবল ব্যাখ্যা করেছেন যে এটি কতটা কঠিন কাজ এবং আমার করণীয় কী।’এর আগে মাত্র ১০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ নাগরিক হিসেবে আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারোর চূড়ায় আরোহণ করে জর্ডান। জর্ডানের বাবা পল রোমেরো বলেন, ‘সন্তানের স্বপ্ন সত্যি হোক, এর বেশি কিছু চাই না।’ তার মা লেইগ আন্নে ড্রেক বলেন, তিনি তাঁর সন্তানকে সমর্থন করেন। টাইমস অব ইন্ডিয়া।