একাই ১৩০০ কিলোমিটার পাড়ি দিল ১২ বছরের কিশোর!

একা একা ১ হাজার ৩০০ কিলোমিটার (৮০০ মাইল) পথ পাড়ি দিয়েছে ১২ বছরের এক কিশোর। আরও পথ পাড়ি হয়তো সে দিত কিন্তু বাদ সাধে পুলিশ। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যাওয়ার চেষ্টা করা ওই কিশোরের চার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ইচ্ছে ছিল। এখন প্রশ্ন উঠেছে, সবার দৃষ্টি এড়িয়ে কীভাবে কিশোরটি এতটা পথ পাড়ি দিল।
বিবিসির খবরে বলা হয়, গত শনিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের জনশূন্য এলাকা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল ১২ বছরের এক কিশোর। এ সময় বাম্পার ঝোলানো দেখে গাড়িটি থামায় টহল পুলিশের দল। পুলিশ বলছে, নিউ সাউথ ওয়েলসের ক্যান্ডল থেকে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে যাওয়ার চেষ্টা করছিল কিশোরটি। গ্রেপ্তার করে নিউ সাউথ ওয়েলসের ব্রোকেন হিল থানায় কিশোরটিকে নেওয়া হয়।
কিশোরটির মা-বাবা পুলিশের কাছে আগেই জানিয়েছিলেন, গত শুক্রবার থেকে তাঁদের ছেলে নিখোঁজ। গতকাল রোববার তাঁরা ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া ওই কিশোরটিকে বাড়িতে নিয়ে গেছেন।
খবরে বলা হয়, ওই কিশোর যে পথ পাড়ি দিতে চেয়েছিল (ক্যান্ডল থেকে পার্থ পর্যন্ত), যদি একনাগাড়ে তা দিতে হয়, তবে প্রায় ৪০ ঘণ্টার মতো সময় লাগবে। ক্যান্ডল থেকে ব্রোকেন হিলের ওই যাত্রাপথটি শত শত কিলোমিটারের পথ এবং সোজা পথ। এই হাইওয়ে ধরে গাড়ি চালিয়ে গেলে দেখা মিলবে অস্ট্রেলিয়ার সবচেয়ে উৎপাদনশীল কৃষিজমি ও সমভূমি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছেলেটি কিশোরের চেয়ে একটু বড়ই মনে হয়। কোবর শহরের একটি পেট্রলপাম্পের ব্যবস্থাপক বলেছেন, তিনি যতটা দেখেছেন, তাতে ওই ছেলের বয়স তাঁর কাছে মনে হয়েছে ‘সম্ভবত ১৯ বা ২০’। পুলিশ বলছে, ছেলেটি ছিল ‘ছয় ফুট লম্বা’ (১.৮ মিটার)।
ওই এলাকার পুলিশ কর্মকর্তা কিম ফেহোন অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, ‘ওই কিশোর তার বাসার গাড়ি নিয়ে গিয়েছিল। সে চলে যাওয়ার পরপরই সে নিখোঁজ বলে পুলিশের কাছে জানিয়েছিলেন তার মা-বাবা। তাই তাঁরা তাদের ছেলেকে খুঁজছিলেন।’
নিউ সাউথ ওয়েলসের একজন পুলিশ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, কিশোর অপরাধী হিসেবে কিশোরটির বিরুদ্ধে অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে।
একা এবং সবার দৃষ্টি এড়িয়ে কিশোরটি কীভাবে এতটা পথ পাড়ি দিল, তা এখনো স্পষ্ট নয়। দীর্ঘ যাত্রাপথে সে নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত এবং প্রতিকূল এলাকার পথ পাড়ি দিয়েছে।