১৩২ দেশে ছড়িয়েছে ডেলটা ধরন
ভারতে শনাক্ত হওয়া করোনার ডেলটা এখন পর্যন্ত ১৩২টি দেশে ছড়িয়েছে। এশিয়া ও ইউরোপ ছাড়াও আমেরিকা ও ওয়েস্টার্ন প্যাসিফিক অঞ্চলেও করোনার এই ধরনের সংক্রমণের হার ‘ব্যাপক’ ঊর্ধ্বমুখী। এই দুই অঞ্চলে সংক্রমণ বেড়েছে যথাক্রমে ৩০ ও ২৫ শতাংশ। চীনের তিনটি প্রদেশেও ছড়িয়ে পড়েছে ডেলটা ধরন।
ইউএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ (গতকাল বুধবার পর্যন্ত) তথ্যানুসারে, ডেলটা ধরনের কারণে বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ব্যাপক বেড়েছে। বিশ্বে গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে মৃত্যু বেড়েছে ২১ শতাংশ। এই সপ্তাহে মারা গেছেন ৬৯ হাজারের বেশি। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে।
আঞ্চলিকভাবে দক্ষিণ–পূর্ব এশিয়ায় সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। যদিও আগের সাত দিনের চেয়ে এ সপ্তাহে সংক্রমণের হার ৩ শতাংশের মতো কম ছিল। তবে শঙ্কার কথা হচ্ছে, ইউরোপ ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন মৃত্যুর সংখ্যা বাড়ছে।
ডব্লিউএইচও বলেছে, সাত দিন ধরে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চসংখ্যক নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ে শনাক্ত হওয়া নতুন আক্রান্তের সংখ্যা ৫ লাখের বেশি, যা আগের সপ্তাহের চেয়ে ১৩১ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের পর নতুন রোগী বেড়েছে ব্রাজিলে, ৩ লাখ ২৪ হাজার ৩৩৪ জন। এই এক সপ্তাহে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ২ লাখ ৮৯ হাজার ২৯, ইউরোপের দেশ যুক্তরাজ্যে ২ লাখ ৮২ হাজার ৯২০ ও দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ২ লাখ ৬৫ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিশ্বে সংক্রমণ সাড়ে ১৯ কোটির মতো। মৃত্যু ৪২ লাখের কাছাকাছি। গত সোমবার পর্যন্ত বিশ্বে ৩৭০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।
বর্তমানে করোনাভাইরাসের চারটি মিউটেশন (রূপান্তর) বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই ধরনগুলো ‘ব্যাপক উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে জাতিসংঘের এই সংস্থা। তারা বলেছে, এ পর্যন্ত আলফা ধরন ১৮২টি দেশে, বেটা ১৩১টি দেশে, গামা ৮১টি দেশে এবং ১৩২টি দেশে ডেলটা ধরন শনাক্ত হয়েছে। গত সপ্তাহে আরও আটটি নতুন দেশে ডেলটা সংক্রমণ শনাক্ত হয়।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যে দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত করা হয়, সেই চীনে ছড়িয়ে পড়েছে ডেলটা ধরন। আজ বৃহস্পতিবার চীনের কর্তৃপক্ষ বলেছে, তিনটি প্রদেশে সীমিত আকারে ছড়িয়েছে করোনার ডেলটা ধরন।
২০ জুলাই চীনের পূর্বাঞ্চলের নানজিং বিমানবন্দরের নয়জন কর্মীর করোনা ডেলটা ধরন শনাক্তের পর তিনটি প্রদেশে এই ধরন শনাক্ত হয়। শুধু জিয়াংসু প্রদেশেই ১৭১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। অন্তত চারটি প্রদেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।