১২ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পরও তুষারধসের নিচে চাপা পড়া পাকিস্তানি সেনাদের কাউকে উদ্ধার করা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা সবাই মারা গেছেন। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বিশ্বের সর্বোচ্চ ‘যুদ্ধক্ষেত্র’ কাশ্মীরের সিয়াচেন হিমবাহে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গত শনিবার ভোরে তুষারধসের নিচে চাপা পড়েছেন ১৩৫ জন। তাঁদের মধ্যে ১২৪ জন পাকিস্তানি সেনা। ১১ জন ছিলেন সাধারণ নাগরিক। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে শনিবার সারা দিন উদ্ধারকাজ চালানোর পর সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস স্থানীয় গণমাধ্যমকে জানান, কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি জানান, তুষারধসটি যথেষ্ট শক্তিশালী ছিল। হিমালয়ের কারাকোরাম পর্বত শাখার ওই অঞ্চলে তুষারধস হওয়ার কোনো আশঙ্কা ছিল না। হঠাৎ তা আঘাত করায় এত বেশি সংখ্যক সেনা চাপা পড়েছেন। উদ্ধার অভিযান শেষ করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে তিনি জানান।বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের ১৫০ জন সেনা শনিবার কুকুর ও হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। রাতে অন্ধকার ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ ছিল। তবে গতকাল রোববার ভোরের আলো ফুটতে না-ফুটতে আবারও উদ্ধারকাজ শুরু হয়। এএফপি।