১৪টি পর্বতচূড়া জয়ী বিশ্বের দ্বিতীয় নারী পাসাবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বত চূড়ার সব কটি জয় করার রেকর্ড গড়েছেন স্প্যানিশ পর্বতারোহী এদুর্নে পাসাবান (৩৬)। গতকাল সোমবার চীনে আট হাজার ২৭ মিটার উঁচু শিশা পাংমা পর্বতচূড়ায় আরোহণের মাধ্যমে এই রেকর্ড গড়েন তিনি। কয়েক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ুন-সান প্রথম নারী হিসেবে এই রেকর্ড গড়েন।একটি ওয়েবসাইটে পাসাবানের দলের সদস্যরা জানান, শিশা পাংমার অবস্থান চীনের তিব্বত অঞ্চলে। স্থানীয় সময় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এর শীর্ষে আরোহণ করেন পাসাবান। আশা করেছিলেন, প্রথম নারী হিসেবে এই রেকর্ডের মালিক হবেন তিনি। কিন্তু ২৭ এপ্রিল ওহ ইয়ুন-সান আট হাজার ৯১ মিটার উচ্চতার অন্নপূর্ণা পর্বতচূড়া জয় করায় তাঁর আশা আর পূরণ হয়নি।তবে আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতচূড়ার সব কটিতে আরোহণের ব্যাপারে ওহ ইয়ুন-সানের দাবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি আসলেই ২০০৯ সালে কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়ায় উঠেছিলেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাসাবান ও অন্য পর্বতারোহীরা। তবে ওহ ইয়ুন-সানের দাবিকে সমর্থন করেছেন কিংবদন্তি পর্বতারোহী ইতালির রেইনল্ড মেসনার। প্রথম পুরুষ পর্বতারোহী হিসেবে ১৯৮৬ সালে তিনি ১৪টি পর্বতের সব কটি চূড়ায় ওঠার রেকর্ড গড়েন। এএফপি।