ভারতের সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে ১৫ দিন অনশন কর্মসূচি পালনের অনুমতি পেয়েছেন। অনশনের জন্য নয়াদিল্লির রামলীলা ময়দানও বরাদ্দ পেয়েছেন তিনি। আজ শুক্রবার এই অনশন শুরু হচ্ছে।নয়াদিল্লির তিহার কারাগারে ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পর গতকাল বৃহস্পতিবার সকালে সরকার ও হাজারের ঘনিষ্ঠজনেরা সমঝোতায় পৌঁছান। সমঝোতা অনুযায়ী গতকাল বিকেল থেকে অনশন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রামলীলা ময়দান অনশনের জন্য প্রস্তুত না থাকায় আজ সকাল থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে।হাজারের ঘনিষ্ঠ বলে পরিচিত সুশীল সমাজের নেতা অরবিন্দ কেজরিওয়াল জানান, অনশনের উদ্দেশ্যে আজ সকালে রামলীলা ময়দানে পৌঁছাবেন হাজারে। তিনি বলেন, ‘রামলীলা ময়দান নোংরা ও অপ্রস্তুত রয়েছে। বিষয়টি নিয়ে নয়াদিল্লির পৌর করপোরেশনের কমিশনার কে এস মেহরার সঙ্গে কথা বলেছি। তিনি ওই ময়দান পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন।’হাজারের আরেক সহযোগী ও ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া কিরন বেদি জানান, রামলীলা ময়দানের উদ্দেশে যাত্রা শুরুর আগপর্যন্ত নয়াদিল্লির তিহার কারাগারেই অবস্থান করবেন হাজারে।সরকার ও হাজারের মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রসচিব আর কে সিং বলেন, ‘নয়াদিল্লি পুলিশের সঙ্গে হাজারের সমঝোতা হয়েছে। উভয় পক্ষ অনশন কর্মসূচির স্থান, ব্যাপ্তি ও অন্যান্য বিষয়ে একমত হয়েছে।ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ বলেন, সরকার ভিন্নমতাবলম্বীদের মত প্রকাশকে সম্মান করে। তবে আইনের শাসনের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। তিনি বলেন, পুলিশ সবকিছুর ব্যবস্থা করলে হাজারে তাঁর অনশন শুরু করতে পারেন।গতকাল ৭৪ বছর বয়সী হাজারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকেরা তাঁকে সুস্থ বলে সনদ দিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল তিহার কারাগারের সমানে শত শত সমর্থকের উদ্দেশে বলেন, ‘হাজারে ভালো আছেন। এই মুহূর্তে দুই কিলোমিটার পথ হাঁটতে পারবেন।’ এমন ঘোষণায় সমর্থকেরা উল্লাস করেন। কেজরিওয়াল বলেন, ‘আমাদের যুদ্ধ সবে শুরু হলো। অনেক পথ পাড়ি দিতে হবে।’হাজারের সহযোগী ও সাবেক আইনমন্ত্রী শান্তিভূষণ বলেন, ‘অবশেষে সরকার হাজারেকে অনশন কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে। আমি দারুণ খুশি।’ তিনি বলেন, হাজারের দাবি যৌক্তিক এবং ‘সম্পূর্ণ’ সাংবিধানিক।হাজারের শত শত সমর্থক গতকালও তিহার কারাগারের সামনে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আড়াই শ পুলিশ মোতায়েন করা হয়। আরও আড়াই শ পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়। সকালের দিকে হঠাৎ করেই বোমা নিষ্ক্রিয় করার বিশেষজ্ঞ দল ও ডগ স্কোয়াড দিয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হয়।এদিকে ২৫ হাজার মানুষ ধারণক্ষমতাসম্পন্ন রামলীলা ময়দান পরিচ্ছন্নতার কাজে গতকাল দিনভর ব্যস্ত ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকারি দুর্নীতির বিরুদ্ধে নজরদারির জন্য প্রক্রিয়াধীন জন লোকপাল বিল আরও কঠোর করার দাবিতে গত মঙ্গলবার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্না। ওই কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে নয়াদিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে নেওয়া হয় তিহার কারাগারে। পরে কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দিলেও কারাগার ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। এরপর অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবিতে অনড় থাকলে সরকার ও হাজারের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে হাজারের পক্ষে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের একটি দল ও সরকারের পক্ষে নয়াদিল্লি পুলিশ কমিশনার বি কে গুপ্ত অংশ নেন। পিটিআই অনলাইন, এএফপি, বিবিসি।