১৫ দিন পর কুয়া থেকে জীবিত উদ্ধার
১৫ দিন পরিত্যক্ত একটি কুয়ায় আটকে থাকা এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের জংফেং গ্রাম থেকে সু কিজিউ (৩৮) নামের ওই নারীকে উদ্ধার করা হয়। কাঁচা ভুট্টা খেয়ে এবং কুয়ায় পড়া বৃষ্টির পানি পান করে এত দিন বেঁচে ছিলেন সু।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, ১ সেপ্টেম্বর সু গ্রামের ১২ ফুট গভীর ওই কুয়াটিতে পড়ে যান। কুয়াটি ভুট্টার ঝাড় দিয়ে ঢেকে থাকায় বাইরে থেকে দেখা যায় না এবং কুয়াটির ভেতরের দেয়াল অতিরিক্ত মসৃণ থাকায় তা বেয়ে ওপরে ওঠা সম্ভব ছিল না। নিখোঁজ মহিলাটির আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি।
হেনানের স্থানীয় দৈনিক ‘দাহে’ জানায়, সু ভেষজ চিকিত্সার গাছ খুঁজতে ভুট্টা খেতে গেলে কুয়ায় পড়ে যান। পড়ে যাওয়ার সময় তিনি ভুট্টার গাছ ধরে ফেলেন। কিন্তু ভুট্টার ঝাড় তাঁকে বাঁচাতে না পারলেও কিছু ভুট্টার গাছ তাঁর সঙ্গে এই কুয়ায় পড়ে যায়।
সু ‘দাহে’কে জানান, কুয়ায় খাওয়ার মতো কিছু না থাকায় তিনি অল্প পরিমাণ কাঁচা ভুট্টা খেয়ে ছিলেন এবং প্রতিদিন সাহায্য চেয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি প্রতিদিন আশা করে থাকতাম, কেউ কুয়াটির পাশ দিয়ে যাবে এবং আমাকে উদ্ধার করবে। আমি প্রতিদিন সাহায্য চেয়ে চিত্কার করতাম। কারও সাড়া না পেলেও আমি কখনো আশা ছেড়ে দিইনি।’
দৈনিক ‘দাহে’ জানায়, ১৬ সেপ্টেম্বর গ্রামের একজন বাসিন্দা ভুট্টা তোলার সময় সু-র কান্নার শব্দ শুনে দমকল বাহিনীকে খবর দেন। গত সোমবার দমকলের কর্মীরা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি চিকিত্সা নিচ্ছেন।
সু-র স্বামী লি কুনমিং প্রতিবেদককে জানান, এই কঠিন সময়ে সুর ওজন অনেক কমে গিয়েছে। তিনি বলেন, সুর ওজন ছিল ৫২ কেজি, এখন তাঁর ওজন ৩৬ কেজিও হবে না।
সিনহুয়া জানায়, সু গুরুতর আহত না হলেও তাঁর অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ এখনো পুরোপুরি কাজ করছে না। তবে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি তরল খাবার খাচ্ছেন।
রাজ্য মিডিয়া জানায়, জুলাই মাসে দক্ষিণ-পশ্চিম চীনের জোহুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে পাঁচজন কুয়ায় পড়ে মারা যান।
লংয়া গ্রামের একজন কৃষক কুয়াতে পড়ে যান এবং তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও চারজন কুয়ায় পড়ে যান।