১৫ বছর ধরে মাথার ভেতর পেনসিল!
তীব্র মাথাব্যথা, অবিরত সর্দি ও চোখের সমস্যা ছিল তাঁর। এক-দুই দিন নয়, প্রায় ১৫টি বছর এভাবে কেটেছে। অনেক পরীক্ষা-নিরীক্ষা করেও কোনো কিছু ধরা পড়ছিল না। অবশেষে ২০১১ সালে সিটিস্ক্যানে তাঁর মাথার ভেতর একটি পেনসিলের উপস্থিতি ধরা পড়ে। পরে জার্মানির একদল চিকিত্সকের সহায়তায় এই যন্ত্রণা থেকে মুক্তি পান আফগানিস্তানের ২৪ বছর বয়সী ওই যুবক। গতকাল বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার জার্মানির এসেন শহরে চিকিত্সকদের এক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন আখন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রাংক হোয়েলসলে ।
হোয়েলসলে জানান, আখন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হাসপাতালের ওই চিকিত্সকেরা তাঁর মাথায় সিটিস্ক্যান করে একটি পেনসিলের উপস্থিতি দেখতে পান। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ওই ১০ সেন্টিমিটার (চার ইঞ্চি) দীর্ঘ পেনসিলটি বের করা হয়। অস্ত্রোপচারের পর ওই যুবক দ্রুত সেরে ওঠেন। তবে তাঁর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। তিনি জানান, পেনসিলটি ওই যুবকের গলার পেছনটায় গাঁথা ছিল। এতে তাঁর সাইনাসে ও ডান চোখের কোটরে ক্ষতের সৃষ্টি হয়।
কীভাবে পেনসিল তাঁর মাথায় ঢুকেছে জানতে চাইলে ওই যুবক জানান, তিনি এ বিষয়ে তেমন কিছু মনে করতে পারছেন না। তবে ১৫ বছর আগে ছোটবেলায় একবার তিনি পড়ে গিয়েছিলেন এবং নাক দিয়ে প্রচুর রক্ত ঝরেছিল।