১৫ বছরে বিশ্বে মানুষের আয়ু বেড়েছে ৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু পাঁচ বছর বেড়েছে। আফ্রিকায় এইচআইভি, এইডস ও ম্যালেরিয়ার চিকিৎসায় উন্নতির ফলে এ আয়ু বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, ১৯৬০-এর দশকের পর গত ১৫ বছরে এটাই সবচেয়ে বড় অর্জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক স্বাস্থ্য পরিসংখ্যানের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে জন্ম নেওয়া গড়ে একটি শিশুর ৭১ দশমিক ৪ বছর বাঁচার প্রত্যাশা রয়েছে। পুরুষের তুলনায় নারী শিশুদের দীর্ঘায়ুর প্রত্যাশা বেশি। নারী শিশুদের বাঁচার প্রত্যাশা ৭৩ দশমিক ৮ বছর, পুরুষ শিশুর ৬৯ দশমিক ১ বছর।
সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চান বলেন, গত ১৫ বছরে ‘প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য রোগ’-এর ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে এবং বিশেষত এইচআইভির ক্ষেত্রে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সহজলভ্য হয়েছে। ফলে ১৯৯০-এর দশকে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু হ্রাসের যে প্রবণতা ছিল, গত ১৫ বছরে সেই প্রবণতা উল্টে গিয়েছে। ১৯৯০-এর দশকে আফ্রিকার বেশির ভাগ অঞ্চলে মহামারি আকারে এইডস ছড়িয়ে পড়ায় ওই মহাদেশে স্বাস্থ্য সূচকের অবনতি ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে জন্ম নেওয়া নারী শিশুর গড় আয়ু ৮৬ দশমিক ৮ বছর, যা বিশ্বে সর্বোচ্চ। গড় আয়ু সবচেয়ে কম সিয়েরা লিওনে। দেশটিতে নারী ও পুরুষের গড় আয়ু যথাক্রমে ৫০ দশমিক ৮ ও ৪৯ দশমিক ৩ বছর।