১৫ বছরের আগে মেয়েদের বিয়ে বন্ধ করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্যানেল আলোচনায় ছিলেন পাকিস্তানে তালেবানের হামলায় আহত মালালা ইউসুফজাই। ছবি: প্রথম আলো গার্ল সামিটে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্যানেল আলোচনায় ছিলেন পাকিস্তানে তালেবানের হামলায় আহত মালালা ইউসুফজাই। ছবি: প্রথম আলো গার্ল সামিটে প্রধানমন্ত্রী

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ১৫ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে। আর ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে বন্ধ হবে ২০৪১ সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে বাংলাদেশ সরকারের এই লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান।
একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর অধিকারের বিষয়ে জামায়াতে ইসলামীর বাধার বিষয়টি উল্লেখ করেন। এ ব্যাপারে দলটির সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে এই সামিটের আয়োজন করা হয়েছে। উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন বুরকিনা ফাসোর ফার্স্ট লেডি স্যান্থোল কিনালি এবং তালেবানের হামলা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই।
অনুষ্ঠানের উপস্থাপক জয়নাব বাদাওয়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের পরপর দুই দফায় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ হাসিনা একাধিকবারের চেষ্টায় তাঁর দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, তিনি বর্তমানে তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পরও অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের জোর করে বিয়ে দেওয়ার সমস্যা আছে। এটি মোকাবিলার চ্যালেঞ্জগুলো সম্পর্কে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক উন্নয়নসহ নারী অধিকারের ক্ষেত্রে বাংলাদেশে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তবে নারী অধিকারের প্রশ্নে জামায়াতে ইসলামীর মতো ধর্মীয় গোষ্ঠীগুলো বাধা সৃষ্টি করায় নারী উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ১৯৯৬ সালে তিনি সরকার গঠনের পর জাতীয় নারীনীতি তৈরি করলেও পরবর্তীতে জামায়াতে ইসলামীর জোট ক্ষমতায় এসে তা স্থগিত করে দেয়। তিনি জানান, দ্বিতীয় দফায় সরকার গঠনের পর নারীদের অবস্থার উন্নয়নে তাঁর সরকার আগের নীতিগুলো বাস্তবায়নে উদ্যোগী হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা খরচে শিক্ষা, বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ এবং বৃত্তি দেওয়ার মাধ্যমে অভিভাবকদেরকে খরচের বোঝা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এ কারণে তাদের শিক্ষাব্যবস্থায় ধরে রাখা সম্ভব হচ্ছে। এর পরিণতিতে অল্পবয়সে বিয়ের ঝুঁকি কমানো সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্নাতক পর্যায় পর্যন্ত এই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি আলাদা তহবিল গঠন করা হয়েছে। তিনি জানান, ইসলামের সঙ্গে নারী অধিকারের কোনো সংঘাত নেই। সে কারণেই বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ মুসলমান হলেও দেশটির সংসদ নেতা, উপনেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকার এই শীর্ষ চারটি পদে নারীরা আসীন।

মালালা ইউসুফজাই বলে, ইসলামে যে মেয়েদের শিক্ষাগ্রহণ নিষিদ্ধ করা হয়নি, কোরআন পড়লেই এটা নিশ্চিত হওয়া যাবে।

প্যানেল আলোচনায় এরপর যোগ দেন ইউনিসেফের প্রধান অ্যান্থনি লেক ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষের সমতার বিষয়টি ব্রিটিশ উন্নয়ন সহায়তার কেন্দ্রে থাকবে। তিনি আন্তর্জাতিক পরিসরে এসব বিষয়ে ব্রিটিশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।