১৫ বছরের বন্দিজীবন
অং সান সু চি গত ২১ বছরের মধ্যে কয়েক দফায় প্রায় ১৫ বছর বন্দী জীবন কাটিয়েছেন।১৯৭৮ সালের শেষ দিকে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সামরিক সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করে। সরকার ওই আন্দোলন কঠোর হাতে দমন করে। ১৯৭৯ সালের জুলাইয়ে সু চিকে প্রথমবারের মতো গৃহবন্দী করা হয়। তাঁকে বন্দী রেখেই সরকার ১৯৯০ সালে নির্বাচন দেয়। নির্বাচনে প্রায় ৮০ ভাগ আসনে এনএলডি জয়লাভ করে। তবে সরকার ওই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করে। ছয় বছর বন্দী জীবন শেষে ১৯৯৫ সালের জুলাই মাসে সু চি মুক্তি পান।সামরিক সরকার তাঁকে তৎকালীন রাজধানী ইয়াঙ্গুনের বাইরে না যাওয়ার নির্দেশ দেয়। ২০০০ সালে সু চি দলীয় সভায় যোগ দিতে ইয়াঙ্গুন ত্যাগের চেষ্টা করেন। এ কারণে তাঁকে ওই বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় গৃহবন্দী করা হয়। এরপর জাতিসংঘের সুপারিশে তাঁকে ২০০২ সালের মে মাসে মুক্তি দেওয়া হয়।২০০৩ সালের মে মাসে সু চির গাড়িবহরে আততায়ীরা চোরাগোপ্তা হামলা চালায়। ধারণা করা হয়, সু চির জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে সামরিক সরকার তাঁকে খুন করার জন্য ওই হামলা চালায়। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে চারজন নিহত হওয়ার কথা দাবি করে। এনএলডির দাবি, এ ঘটনায় প্রায় ১০০ সু চির সমর্থক নিহত হন। এ ঘটনায় আন্দোলন দানা বাঁধতে শুরু করলে ওই বছরের সেপ্টেম্বর মাসে সু চিকে তৃতীয় দফায় গৃহবন্দী করা হয়। সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ২০০৯ সালের মে মাসে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সু চির বাড়িতে একজন মার্কিন নাগরিকের অনুপ্রবেশের অভিযোগে তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়ানো হয়। এএফপি।