
যুক্তরাজ্য গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যাওয়ার পক্ষে রায় দেওয়ার পর দেশটির বিরোধী দল লেবার পার্টিতে শুরু হওয়া দ্বন্দ্ব থামছেই না। দলনেতা জেরেমি করবিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে গতকাল পর্যন্ত দলটির ছায়া মন্ত্রিসভার ১৫ জন সদস্য ইস্তফা দিয়েছেন। দলে নতুন নেতা নির্বাচনের দাবি প্রবল হয়ে ওঠায় করবিন সেই প্রতিযোগিতায় শামিল হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নতুন করে পদত্যাগ করা লেবার নেতৃত্বের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যাঞ্জেলা ইগল। তিনি করবিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। ছায়া মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ইগলের পর পদত্যাগের খাতায় নাম লেখান পেনশনমন্ত্রী ওয়েন স্মিথ ও জ্বালানিমন্ত্রী লিসা নন্দি।
তবে করবিন-ঘনিষ্ঠরা বলছেন, দলের নেতাদের একের পর এক পদত্যাগের ঘটনায় নেতৃত্ব ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই তাঁর। এভাবে গণপদত্যাগকে অযৌক্তিক বলেই মনে করছেন করবিনের পক্ষের লোকজন। নাম প্রকাশে অনিচ্ছুক করবিনপন্থী এক নেতা বলেন, পদত্যাগের ঘটনার পরও ছায়া মন্ত্রিসভা এখনো যথেষ্ট শক্তিশালী। দলে এসব পদের জন্য যোগ্য লোকের অভাব নেই। জেরেমির বিকল্প খুঁজতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতেই তা করতে হবে। আর সেই নির্বাচন সম্ভবত হচ্ছে।’
অ্যাঞ্জেলা ইগল পদত্যাগের আগে দলনেতা করবিনের সঙ্গে একটি বৈঠকের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু সে বিষয়ে কোনো সাড়া পাননি। শেষতক গতকাল সোমবার সকালে ইগল টেলিফোনে তাঁর পদত্যাগের কথা জানান। তবে নন্দি ও স্মিথ করবিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এই দুই নেতা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘করবিনের ওপর আস্থা নেই এমন নেতার সংখ্যা বেড়ে গেছে। এটা পরিষ্কার হয়ে গেছে যে করবিন একটি বৃহৎ এবং সমন্বিত ছায়া মন্ত্রিসভা চালাতে সক্ষম নন।’
গতকাল রাতেই লেবার পার্টির জরুরি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে করবিন অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হবেন কি না এ নিয়ে দলের নেতাদের আলোচনা অব্যাহত ছিল।