১৫ হাজার বিদেশি সেনা থেকে যেতে পারে: কারজাই

প্রস্তাবিত আফগান-মার্কিন নিরাপত্তাচুক্তি হবে আফগানিস্তানের আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর। প্রেসিডেন্ট হামিদ কারজাই জ্যেষ্ঠ উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের গুরুত্বপূর্ণ সম্মেলন ‘লয়া জিরগায়’ গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন।
প্রেসিডেন্ট কারজাই জানান, আফগান বাহিনীকে প্রস্তুতির সুযোগ দিতে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার বিদেশি সেনা আরও কিছুদিনের জন্য আফগানিস্তানে থেকে যেতে পারবে।আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রায় আড়াই হাজার নেতার উপস্থিতিতে গতকাল থেকে লয়া জিরগা বৈঠক শুরু হয়। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি সম্পাদনের জন্য সবার সহায়তা চান হামিদ কারজাই। তবে তিনি আফগান-মার্কিন সম্পর্কে আস্থার ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন। এ বিষয়ে কারজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি আমার যথেষ্ট পরিমাণ আস্থা নেই। আমি তাদের বিশ্বাস করি না, এবং তারাও আমাকে বিশ্বাস করে না।’
কারজাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তির মাধ্যমেই আফগানিস্তানে আগামী বছর থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের উপস্থিতির ধরন নির্ধারিত হবে।
কিছু বিদেশি সেনা আগামী বছরের পরও আফগানিস্তানে অবস্থান করবে নাকি স্থানীয় বাহিনী একাই তালেবান বিদ্রোহীদের মোকাবিলা করবে—তা লয়া জিরগায় আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে। রয়টার্স ও এএফপি।