১৬ পাউন্ডের নবজাতক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লংভিউর একটি হাসপাতালে গত শুক্রবার ১৬ পাউন্ড (৭ দশমিক ৩ কেজি) ওজনের একটি শিশুর জন্ম হয়েছে, যা ওই হাসপাতালের এ-যাবৎকালের রেকর্ড।জ্যানেট জনসন ও মাইকেল ব্রাউন দম্পতির এ নবজাতক পুত্রসন্তানের নাম জ্যামাইকেল। শিশুটির মা জনসন লংভিউ নিউজ-জার্নালকে বলেন, ‘আমরা বিস্মিত। বিশ্বাসই করতে পারছি না যে জ্যামাইকেল এত বড়! আমরা তার জন্য অনেক পোশাক কিনেছিলাম। কিন্তু সেগুলো তার গায়ে এতই ছোট হয় যে তা ফেরত দিতে হবে।’স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জনসন অন্তঃসত্ত্বার সময় ডায়াবেটিসে ভুগছিলেন। এ কারণে তাঁর শরীরে নিজস্ব ইনসুলিন তৈরির পথ বাধাগ্রস্ত হয়। এতে তাঁর শরীরের বাড়তি সুগার গর্ভজাত শিশুর ভেতরে প্রবেশ করে। এ কারণে তাঁর সন্তান বড় হয়েছে। এএফপি।