১৭ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ও বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে গত শনিবার মামলা হয়েছে। পাঞ্জাব রাজ্যের রাজধানী চণ্ডীগড়ের আদালতে মামলাটি করেন মানবাধিকারকর্মী ও আইনজীবী অরবিন্দ ঠাকুর।মামলায় রাহুল ও অরুন্ধতীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত রোববার শুনানি শেষে আগামী ১৭ জানুয়ারি তাঁদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক রাজীব কুমার। মামলায় অরবিন্দ ঠাকুর অভিযোগ করেন, রাহুল গান্ধী বিহারের এক নির্বাচনী জনসভায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (আরএসএস) ইসলামি জঙ্গি সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (সিমি) সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে এক সেমিনারে অরুন্ধতী বলেন, কাশ্মীর কোনো দিনই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না।অরবিন্দ ঠাকুর উল্লেখ করেন, লেখিকা যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত আপত্তিকর ও দেশের সংহতির পক্ষে বিপজ্জনক। অরুন্ধতী রায়কে চরমপন্থী হিসেবে অভিহিত করে আবেদনকারী বলেন, তিনি মাওবাদীদের সমর্থন করছেন এবং বলেছেন, মাওবাদীদের পথই সঠিক পথ।