১৮ বছরের মধ্যে কলম্বোয় সর্বোচ্চ বৃষ্টিপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গতকাল বৃহস্পতিবার গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এতে পার্লামেন্ট ভবনসহ রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে গেছে। আটকা পড়েছে হাজার হাজার মানুষ। তাদের উদ্ধারে সেনাসদস্য পাঠানো হয়। কর্মকর্তারা জানান, গত বুধবার রাতভর প্রবল বৃষ্টির পর গতকাল রাজধানীর অনেক এলাকা ডুবে যায়। পার্লামেন্ট ভবনের ভেতর জমে যায় তিন ফুট (এক মিটার) উঁচু পানি। ভবনটি মানবসৃষ্ট লেকের ভেতর দ্বীপের মধ্যে অবস্থিত। সেখানে যাওয়ার জন্য সড়কপথ রয়েছে। প্রবল বর্ষণে সড়কটি ডুবে যায়। স্পিকার নৌকায় করে পার্লামেন্ট ভবনের অবস্থা পরিদর্শন করেন। কর্মকর্তারা জানান, কলম্বোয় গতকাল ৪৩ দশমিক ৫ সেন্টিমিটার (১৭ দশমিক ১২ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ১৯৯২ সালের পর গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। সে বছরের জুনে ৪৯ দশমিক ৭ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।কলম্বো অপারেশনস কমান্ডের ত্রাণ সমন্বয়ক দমপথ রত্নায়েকে বলেন, বৃষ্টিতে দেখা দেওয়া জলাবদ্ধতার কারণে অনেকে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারে সেনা পাঠানো হয়েছে। রাস্তায় বৃষ্টির পানিতে অনেক যানবাহনও আটকা পড়েছে। এসব উদ্ধারেও কাজ করছেন সেনাসদস্যরা। তিনি বলেন, শহরের কেন্দ্রে অনেক ঘরবাড়িতে বৃষ্টির পানি ঢুকে লোকজনের রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। তাদের জন্য সেনাসদস্যরা সকালের নাশতা ও দুপুরের খাবার তৈরি করেন। রত্নায়েকে বলেন, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রাজধানীতে যেসব বড় নর্দমা রয়েছে, মাত্রাতিরিক্ত পানি জমার কারণে এসব নর্দমা আশানুরূপভাবে পানি বের করতে পারছে না। এএফপি।