১৮ মাস বয়সী ফুটবলার!
নির্ভুল নিশানায় পরপর তিনবার লক্ষ্যভেদ করল এই ‘ফুটবলার’। তার প্রতিটি শটে ফুটবলটি আশ্রয় নিল কাঙ্ক্ষিত স্থানে। তবে ওই ‘ফুটবলারের’ লক্ষ্য কোনো গোলবার ছিল না। ছিল একটি খেলনার বাক্স। আর যে ‘ফুটবলারের’ কথা বলা হচ্ছে, তার বয়স মাত্র ১৮ মাস।‘ফুটবলারটির’ নাম বায়েরকে ভ্যান ডার মেইজ। ছেলেটির বাবা শটগুলোর ভিডিওচিত্র ইন্টারনেটে পোস্ট করেন। তা দেখতে ইউটিউবে হুমড়ি খেয়ে পড়ে দর্শকেরা। দেড় লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। শুধু সাধারণ দর্শক নন, তার ফুটবল-প্রতিভায় মুগ্ধ নেদারল্যান্ডের শীর্ষ ফুটবল লীগে খেলা ক্লাব ভিভিভি ভেনলোর কর্মকর্তারাও। ক্লাবটি বায়েরকের বাবার মাধ্যমে তার সঙ্গে চুক্তি করেছে।বায়েরকে ভ্যান ডারের কৌশল তার তারকাগুণের কথা ইঙ্গিত করছে। সে পরবর্তী জোহান ক্রুয়েফ অথবা ডেনিশ বার্গক্যাম্প হতে চলেছে বলেও অনেকের ধারণা। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়, মাঠে এই শিশুটির প্রিয় অবস্থান এখনো স্থির করা যায়নি। তবে ডান পায়ের এই খেলোয়াড় সম্পর্কে বলা যায়, সে শট করার খুব ভালো কৌশল জানে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বংশানুক্রমিকভাবে সে পিতামতের কাছ থেকে ফুটবল-প্রতিভা পেয়েছে। বায়েরকে ভ্যান ডারের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে ক্লাবটি। বিষয়টি তার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ তার পিতামহও একই ক্লাবের ফুটবলার ছিলেন। ডেইলি মেইল।