১৮তম সংশোধনী বিলের দ্রুত অনুমোদন চান জারদারি
পাকিস্তানের সংবিধান সংস্কারবিষয়ক ১৮তম সংশোধনী বিল দ্রুত অনুমোদনের জন্য দেশটির আইনসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গত সোমবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় পরিষদ ও সিনেটের এক যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গত দেড় বছরের প্রেসিডেন্ট মেয়াদে যৌথ অধিবেশনে এটি তাঁর তৃতীয় ভাষণ।ভাষণে জারদারি বলেন, ‘আর দেরি না করে সংবিধানের ১৮তম সংশোধনী অনুমোদন করার জন্য আমি পার্লামেন্টের প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘কারও স্বার্থে সংবিধান সংস্কার করা হচ্ছে না। এটি একটি জাতীয় দায়িত্ব। এ জন্য সব দলকে আমি ধন্যবাদ জানাই।’এই সংশোধনীতে পাকিস্তানের প্রেসিডেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা হ্রাস করা হয়েছে। এর মধ্যে রয়েছে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা, সামরিক বাহিনীর প্রধানদের নিয়োগ দেওয়া ও প্রাদেশিক গভর্নর ও প্রধানদের নিয়োগ দেওয়া ইত্যাদি। দ্য ডন।