১৯ জনের লাশ উদ্ধার, স্বজনদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় ডুবে যাওয়া ফেরির নিখোঁজ যাত্রীদের উদ্ধার তৎপরতায় বিলম্বের প্রতিবাদে স্বজনেরা বিক্ষোভ করেছেন। সাগরতলে ফেরির ভেতর থেকে ডুবুরিরা ১৯ জনের লাশ উদ্ধার করেছেন। কোস্টগার্ডের একজন মুখপাত্র গতকাল রোববার এ খবর দিয়েছেন।
উদ্ধার করা লাশগুলো জিনেদা দ্বীপের পায়েংমক বন্দরের কয়েকটি তাঁবুতে রাখা হয়েছে। নিখোঁজ যাত্রীদের স্বজনেরা সেখানে লাশ শনাক্ত করার সুযোগ পাবেন। তাঁদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকে অভিযোগ করেন, দুর্ঘটনার পর আরও দ্রুত উদ্ধার তৎপরতা চালানো হলে আরও লোকজনকে উদ্ধার করা সম্ভব হতো।
এদিকে দুর্ঘটনার তদন্তকারী সরকারি কৌঁসুলিরা বলছেন, উল্টে যাওয়ার সময় ফেরিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ওই নৌপথে চালনায় অনভিজ্ঞ ছিলেন।
জিনেদা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গতকাল রাজধানী সিউল যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। উদ্ধারে বিলম্ব হওয়ায় এখন অনেক লাশ শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। দায়িত্বে অবহেলার অভিযোগে ফেরির চালক (ক্যাপ্টেন) ও দুজন কর্মীকে (ক্রু) ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
ফেরিটি উল্টে যাওয়ার পর ওই দিন ১৭৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ২০০ জাহাজ, ৩৪টি আকাশযান ও ৬০০ জন ডুবুরি দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। কোস্টগার্ডের কর্মকর্তা কো মিউং-সোয়েক বলেন, ডুবুরিরা ডুবে যাওয়া ফেরির ভেতরে প্রবেশের বেশ কয়েকটি পথ খুঁজে পেয়েছেন। ফেরির বিভিন্ন স্থানে লাশ পাওয়া যাচ্ছে। এএফপি ও বিবিসি।