জঙ্গি হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনো কাটেনি। আল-কায়দার হামলার আশঙ্কায় মুসলিম বিশ্বে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার সময় বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১৯টি দূতাবাস এবং কনস্যুলেট আরও এক সপ্তাহ বন্ধ থাকবে। অবশ্য ঢাকাসহ কয়েকটি দূতাবাস আজ সোমবার থেকেই খুলে দেওয়া হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে গতকাল রোববার এ নির্দেশনার কথা জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পিসাকি জানিয়েছেন, মুসলিম বিশ্বের বহু দূতাবাস ঈদুল ফিতর উপলক্ষে এ সপ্তাহে এমনিতেই বন্ধ থাকার কথা। মুসলিম দেশগুলোতে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কাবস্থা অব্যাহত থাকবে।
মার্কিন কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটির জ্যেষ্ঠ সদস্যরা জানিয়েছেন, ২২টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার পেছনে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল।
আইনপ্রণেতারা বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চেয়েও ভয়াবহ হামলার গোয়েন্দা তথ্য রয়েছে মার্কিন সরকারের হাতে। এ নিয়ে কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটিকে ব্রিফিং দেওয়া হয়েছে। ইন্টেলিজেন্স কমিটির সদস্য কংগ্রেসম্যান টম রুনি ফক্স নিউজকে বলেছেন, গত কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন গোয়েন্দা বিভাগ ভয়াবহ হামলার তথ্য সংগ্রহে সক্ষম হয়। ফোনালাপ, ই-মেইল ও ইন্টারনেট সূত্র থেকেই গোয়েন্দা বিভাগগুলো সুনির্দিষ্ট তথ্য পেয়েছে।
কংগ্রেসম্যান টম রুনি জানিয়েছেন, মার্কিন নাগরিকদের ভ্রমণ বিষয়ে ইতিপূর্বে জারি করা সতর্কাবস্থা খুব শিগগির উঠিয়ে নেওয়া হবে না। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য সিনেটর সেক্সবি চ্যাম্বলিন বলেছেন, জঙ্গি হামলার পরিকল্পনাটি ভয়াবহ।
মার্কিন সংবাদমাধ্যমে হামলা পরিকল্পনার জন্য জঙ্গি সংগঠন আল-কায়দাকেই চিহ্নিত করা হচ্ছে। আল-কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওহারির নাম উচ্চারিত হচ্ছে সংবাদমাধ্যমে। পাশাপাশি সম্প্রতি ইরাক, লিবিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের কারাগার থেকে পালিয়ে যাওয়া আল-কায়দা বন্দীদের নিয়েও আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে ইন্টারপোল ইতিমধ্যে বিশ্বজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। বহির্বিশ্বে দূতাবাস বা কনস্যুলেটে সমন্বিত জঙ্গি হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসে ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান পিটার কিং বলেছেন, জঙ্গি হামলার গোয়েন্দা তথ্যটি সুনির্দিষ্ট এবং ভয়াবহ। এমনকি হামলার জন্য নির্দিষ্ট কিছু তারিখেরও তথ্য রয়েছে।