১৯৮৩ সালেই ঘটতে পারত মহাবিপর্যয়

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ১৯৮৩ সালে তখনকার সোভিয়েত ইউনিয়নকে পারমাণবিক যুদ্ধে প্ররোচিত করার পরিস্থিতি সৃষ্টি করে বসেছিল। গোপন সরকারি দলিলপত্র থেকে এ তথ্য জানা গেছে।
ন্যাটো বাহিনী পশ্চিম ইউরোপে ১৯৮৩ সালের ২ নভেম্বর থেকে ১০ দিন ধরে ৪০ হাজার সেনা নিয়ে অপারেশন অ্যাবল আর্চার নামে এক মহড়া চালায়। এতে কল্পনা করা হয় অরেঞ্জ ফোর্স (ওয়ারশ চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলো) যুগোস্লাভিয়ায় গোলযোগের পর সেনা পাঠিয়েছে। ব্লু ফোর্স (ন্যাটো) বাহিনী তখন মিত্রদেশগুলোকে রক্ষায় সচেষ্ট হয়। এরপর অরেঞ্জ ফোর্স দ্রুত ফিনল্যান্ড, নরওয়ে ও গ্রিসে হামলা চালায়। এ নিয়ে বিরোধ তীব্র হলে প্রচলিত অস্ত্রের যুদ্ধ ক্রমেই রাসায়নিক ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দেয়। এ মহড়া সমন্বয় করার জন্য ন্যাটোর মিত্ররা গোপন সংকেত ব্যবহার করে। এটা এতই বাস্তবসম্মত ছিল যে সোভিয়েত ইউনিয়ন ঘটনা সত্যি ধরে নিয়ে পারমাণবিক যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নেয়।
অস্ট্রেলিয়ার একটি গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক পল ডিব গত মাসে বলেন, ১৯৮৩ সালের ওই পরিস্থিতি ছিল ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র-সংকটের চেয়েও ঝুঁকিপূর্ণ। অ্যাবল আর্চার মহড়া থেকে চূড়ান্ত বিপর্যয় ঘটতে পারত।
পরমাণু অস্ত্র বিস্তার রোধবিরোধী প্রতিষ্ঠান যুক্তরাজ্যের নিউক্লিয়ার ইনফরমেশন সার্ভিসের (এনআইএস) পরিচালক পিটার বার্ট বলেন, স্নায়ুযুদ্ধ কতটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিল, তার প্রমাণ এসব দলিলে পাওয়া যায়। যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এ কারণে স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তাঁর উদ্যোগে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনাও শুরু করা হয়েছিল। এ রকম ভুল যেন আর কখনো না হয়, সে জন্য যুক্তরাষ্ট্রকে বোঝাতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। গার্ডিয়ান।