
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হত্যার ষড়যন্ত্র ও কৃষ্ণাঙ্গদের দেশছাড়া করার ষড়যন্ত্রের জন্য ২০ জন উগ্রপন্থীর বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছে।
সাজা পাওয়া ২০ জন ‘বোয়েরেমাগ’ নামের একটি উগ্রবাদী সংগঠনের সদস্য। বর্ণবাদী ডানপন্থী এ সংগঠনটি ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) দলের সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল। ২০০২ সালে তারা দেশে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালায়।
বোয়েরেমাগের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। প্রায় এক দশক ধরে বিচার চলার পর গত বছরের আগস্ট মাসে উল্লিখিত ২০ জনকে দোষী সাব্যস্ত করা হয়। গত সোমবার প্রিটোরিয়ায় হাইকোর্টে তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণা শুরু হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসবিএসির খবরে জানানো হয়েছে, চক্রান্তের মূল পরিকল্পনাকারী বোয়েরেমাগ নেতা মাইক ডু টোইটকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক টোইটকে উগ্রবাদী সংগঠনটিতে তাঁর নেতৃস্থানীয় ভূমিকার জন্য দোষী সাব্যস্ত করা হয়। সংগঠনটির এক নেতাকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৮ জনের পাঁচ বছর থেকে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান হয়। সব জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদী নেতা ম্যান্ডেলা। তিনি ১৯৯৯ সালে ক্ষমতা ছাড়েন।
বোয়েরেমাগের সদস্যরা ম্যান্ডেলাকে হত্যার পরিকল্পনা করা ছাড়াও পুলিশ, রেলপথ, সেতু ও বৌদ্ধদের উপাসনালয়ে বোমা হামলার মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টা চালায়। ২০০২ সালের অক্টোবরে সোয়েটোতে তাদের বোমা হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। রয়টার্স ও নিউজটোয়েন্টিফোর।