২০ বছর বয়সেই এমপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরি ব্ল্যাক
মেরি ব্ল্যাক

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির সর্বকনিষ্ঠ এমপি নির্বাচিত হয়েছেন ২০ বছর বয়সী স্কটিশ তরুণী মেরি ব্ল্যাক। বৃহস্পতিবারের নির্বাচনে স্কটল্যান্ডে বিপুল বিজয় পাওয়া স্কটল্যান্ডের স্বাধীনতাপন্থী দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) থেকে নির্বাচিত হন মেরি। খবর এনডিটিভির।
মেরি লেবার পার্টির ৪৭ বছর বয়সী বৈদেশিক সম্পর্কবিষয়ক মুখপাত্র ও নির্বাচনী প্রচারণা দলের প্রধান ডগলাস আলেক্সান্ডারকে পরাজিত করেন। লেবার নেতার চেয়ে পাঁচ হাজারের বেশি ভোট পান এখনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডি না পেরোনো এ তরুণী।

পর্যবেক্ষকেরা বলছেন, মেরি ব্ল্যাকের এমপি হওয়ার ঘটনা এবারের নির্বাচনে স্কটল্যান্ডের জাতীয়তাবাদীদের প্রত্যাশিত বিপুল বিজয়েরই প্রতীক। ১৬৬৭ সালের পর থেকে এখন পর্যন্ত তিনিই সর্বকনিষ্ঠ ব্রিটিশ এমপি। গ্লাসগো ইউনিভার্সিটির শিক্ষার্থী মেরি এখনো ফাইনাল পরীক্ষা দেওয়ার অপেক্ষায়।
গতকাল শুক্রবার মেরির বিজয়ী হওয়ার খবর ঘোষণার পরপরই তাঁর সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। তবে তাঁদের অভিনন্দনের জবাব মেরি দেন ধীরস্থির কণ্ঠেই। সাধারণ স্কটদের জীবনমানের উন্নয়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।