২০ বছরে খাদ্যের দাম দ্বিগুণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনেতারা বৈশ্বিক খাদ্যব্যবস্থা সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী ২০ বছরের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম দ্বিগুণ হবে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘অক্সফাম’ তাদের এক প্রতিবেদনে এ কথা বলেছে। সংস্থাটির মতে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিভিন্ন কারণের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।অক্সফাম আরও বলেছে, জলবায়ু পরিবর্তনের ফলে ফসল নষ্ট হয়ে যাওয়া এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামীতে লাখ লাখ লোক খাদ্যাভাবে পড়বে। পরিস্থিতি মোকাবিলায় অক্সফাম খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নীতিমালা উন্নতকরণ এবং জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় গঠিত তহবিলে বিনিয়োগ করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। ‘গ্রোয়িং এ বেটার ফিউচার’ শীর্ষক প্রতিবেদনে অক্সফাম বলেছে, ‘ভঙ্গুর খাদ্যব্যবস্থার’ কারণে ২০৩০ সালের মধ্যে প্রধান প্রধান ফসল উৎপাদনের গড় খরচ ১২০ থেকে ১৮০ শতাংশ বৃদ্ধি পাবে। এর প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র লোকজন। যাদের আয়ের ৮০ ভাগই ব্যয় হয় খাদ্যদ্রব্য কেনার পেছনে। অক্সফাম বলেছে, জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জনসংখ্যা বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দুগ্ধজাত খাবার ও মাংসের চাহিদা বৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়নের কারণে ভূমির চাহিদা বৃদ্ধির ফলে খাদ্যব্যবস্থা ভেঙে পড়ছে। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এক নজিরবিহীন ও মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।যুক্তরাজ্যভিত্তিক এ সংস্থাটির প্রধান নির্বাহী বারবারা স্টকিং বলেছেন, ‘আমরা একটি সংকটের যুগে প্রবেশ করছি। বিশ্বে প্রতিদিন প্রতি সাতজনে একজন মানুষ থাকে ক্ষুধার্ত। যদিও বিশ্ব তাদের সবাইকে খাওয়ানোর ক্ষমতা রাখে।’ তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভূমি, পানি ও বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় খাদ্যব্যবস্থা খুঁটিয়ে পরীক্ষা করতে হবে।’২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা এক-তৃতীয়াংশ বেড়ে ৯০০ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। খাদ্য চাহিদাও তখন ৭০ শতাংশ বৃদ্ধি পাবে। অক্সফাম বলেছে, এসব কারণে ভুট্টার মতো খাদ্যদ্রব্যের দাম এরই মধ্যে আকাশছোঁয়া। আগামী ২০ বছরের মধ্যে এ দাম বেড়ে হবে দ্বিগুণ।এর আগে বিশ্বব্যাংকও সতর্ক করে দিয়ে বলেছিল, খাদ্যপণ্যের দাম বাড়ার ফলে সারা বিশ্বের লাখ লাখ মানুষ চরমভাবে দরিদ্র হচ্ছে।আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন সামনে রেখে অক্সফাম বিশ্বনেতাদের একটি বৈশ্বিক জলবায়ু তহবিল গঠনের আহ্বান জানিয়েছে। লোকজন নিজেরাই যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারে এবং তাদের চাহিদামতো খাদ্যদ্রব্য উৎপাদনের প্রস্তুতি নিতে চরম দরিদ্র হয়ে পড়বে।বৈশ্বিক খাদ্যব্যবস্থা সংস্কারের পক্ষে প্রচারণা চালাতে অক্সফাম ৪৫টি দেশে কাজ শুরু করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ প্রতিবেদন প্রকাশ করেছে তারা। বিবিসি ও এএফপি।