২০ বছরের মধ্যে ফকল্যান্ডের নিয়ন্ত্রণ পাবে আর্জেন্টিনা
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ২০ বছরের মধ্যে আর্জেন্টিনার নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেক্টর টাইমারম্যান। গত মঙ্গলবার লন্ডন সফররত টাইমারম্যান এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাজ্য ছাড়া বিশ্বের আর কোনো দেশ এটা বলে না যে ফকল্যান্ড ব্রিটিশ অধিকারে থাকতে পারে।ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। উভয় দেশ এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছে। ৭৪ দিনের ওই যুদ্ধে আর্জেন্টিনার কাছ থেকে এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাজ্য। এর পর থেকে তা যুক্তরাজ্যের নিয়ন্ত্রণেই রয়েছে। লন্ডন সফররত টাইমারম্যান লন্ডনে আর্জেন্টিনার দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা ১৮০ বছর ধরে একটি সমাধানের পথ খুঁজছি। আমরা মনে করি, যুক্তরাজ্যের ফকল্যান্ডের মালিকানা দাবির বিষয়টি যুক্তিহীন। যুক্তরাজ্য থেকে ফকল্যান্ডের দূরত্ব ১৪ হাজার কিলোমিটার।’ফকল্যান্ড নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে আলোচনার জন্য গত সপ্তাহে টাইমারম্যানকে আমন্ত্রণ জানায় যুক্তরাজ্য। কিন্তু টাইমারম্যান সেই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। টাইমারম্যান মনে করেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে রেখেছে, ঠিক একইভাবে যুক্তরাজ্য ফকল্যান্ড দখল করে রেখেছে।ফকল্যান্ডে প্রায় তিন হাজার বাসিন্দা রয়েছে। এই বাসিন্দা যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চান কিনা, সে ব্যাপারে আগামী মাসে গণভোট আয়োজনের কথা রয়েছে। গণভোট প্রত্যাখ্যান করে টাইমারম্যান বলেন, যুক্তরাজ্য যে লোকজনকে নিয়ে গিয়ে ফকল্যান্ডে বসতি গড়ে দিয়েছে, তাঁদের ভোট দিয়ে আসল ফকল্যান্ডবাসীর মত প্রকাশ হবে না। বিবিসি।