২০১০ সাল ফিরে আসছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী আন্দোলন চলছে। গত রোববার বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দুই দিনের মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয় বিরোধীরা। তবে তিনি পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে আলোচনায় বসতে বিরোধীদের প্রতি আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকেরা এ পরিস্থিতিতে থাইল্যান্ডে ২০১০ সালের পুনরাবৃত্তির আশঙ্কা করছেন। তখন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক ‘লাল শার্ট’ ও রাজতন্ত্র-সমর্থক ‘হলুদ শার্ট’ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতায় প্রায় ১০০ জনের প্রাণহানি। আহত হয় প্রায় দুই হাজার মানুষ।
বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন নির্বাসিত থাকসিনের বোন ইংলাক। তিনি দুই বছর আগে নির্বাচিত হলেও তাঁর বিরুদ্ধে এবার শুরু হয়েছে আন্দোলন। আর এতে অংশ নিচ্ছে সাধারণ মানুষও। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ২৭ বছর বয়সী থানিতা বেনজাওরাদেচুকুল কী ধরনের সরকার চান, নিজেও জানেন না। তবু তিনি ইংলাকের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছেন।
সাধারণ বিক্ষোভকারীদের অনেকে ইংলাককে তাঁর ভাই থাকসিনের হাতের পুতুল মনে করেন। রাজতন্ত্রবিরোধী হিসেবে পরিচিত থাকসিন ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান। বর্তমানে তিনি স্বেচ্ছা নির্বাসনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই নগরে আছেন। দুর্নীতির দায়ে থাইল্যান্ডে অভিযুক্ত হলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করে ওই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।
এদিকে প্রধানমন্ত্রী ইংলাক সম্প্রতি আস্থাভোটে টিকে গেলেও রাজপথে তাঁর বিরুদ্ধে আন্দোলন থামেনি। বিক্ষোভের পাশাপাশি গতকাল থেকে শুরু হয়েছে ধর্মঘট।
ব্যাংককে চলমান অস্থিতিশীলতার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরাও সহিংসতার শিকার হচ্ছেন। জার্মানির একজন আলোকচিত্র-সাংবাদিককে গত সোমবার এক সমাবেশে লাঞ্ছিত করা হয়। থাইল্যান্ডের একাধিক টেলিভিশন চ্যানেল সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গবেষক সুনাই ফাসুক বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার ও বিক্ষোভকারী—উভয় পক্ষের অনড় অবস্থান দেশকে আশঙ্কাজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ফলে সহিংসতা প্রায় অপরিহার্য হয়ে পড়েছে। গার্ডিয়ান।