২০১১ চীনের দমন-পীড়নের বছর
মানবাধিকার লঙ্ঘনের দিক থেকে গত এক দশকের মধ্যে চীনের ভয়াবহতম বছর ছিল ২০১১ সাল। ওই বছর আরব দেশগুলোতে শুরু হওয়া প্রচণ্ড সরকারবিরোধী বিক্ষোভের জের ধরে চীনে ভিন্নমতাবলম্বীদের ওপর চালানো হয় বড় ধরনের দমন-পীড়ন। মানবাধিকারবিষয়ক একটি সংগঠন গতকাল শুক্রবার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।হংকংভিত্তিক মানবাধিকার সংগঠন চায়নিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারসের (সিএইচআরডি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে গত বছর রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দীর্ঘ মেয়াদে কারাদণ্ড প্রদান, জোরপূর্বক নিরুদ্দেশ করে ফেলা ও তাদের ওপর নির্যাতনের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পায়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সংগঠনের গবেষণা অনুযায়ী, ওই বছর দেশটিতে তিন হাজার ৮০০-এর বেশি লোককে অন্যায়ভাবে আটক রাখা হয়। এ ছাড়া মানবাধিকার কার্যক্রম পরিচালনার দায়ে শতাধিক ব্যক্তিকে নির্যাতনের ঘটনা ধরা পড়েছে। সিএইচআরডির আন্তর্জাতিকবিষয়ক পরিচালক রেনি জিয়া বলেন, ‘ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মানবাধিকার পরিস্থিতির বিশেষ অবনতি ঘটায় ২০১১ সাল চীনের সর্বোচ্চ দমন-পীড়নের বছর হিসেবে স্থান করে নিয়েছে। গত দশকের (২০০০) প্রথম দিকে দেশটিতে মানবাধিকার রক্ষার আন্দোলন শুরু হওয়ার পর এটিই ছিল মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতম বছর।’সংগঠনটি জানায়, ‘ব্যাপকভাবে আইনবহির্ভূত আটক ও জোরপূর্বক নিরুদ্দেশ করার ঘটনা’ রয়েছে। চীনে গত বছরের অবনতিশীল এই মানবাধিকার পরিস্থিতি জনগণের মধ্যে এক আতঙ্কজনক পরিবেশের সৃষ্টি করে। এএফপি।