২০১১ সালে চীনে ৩৪ সাংবাদিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে গত বছর নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি এবং সরকারি গোপন তথ্য প্রকাশের দায়ে কমপক্ষে ৩৪ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়। গতকাল রোববার প্রতিবেদনটি প্রকাশিত হয়।সংস্থাটি জানায়, সম্প্রতি চীনে সরকারি বিধিনিষেধ (সেন্সরশিপ) উপেক্ষা করে সাংবাদিকদের অনুসন্ধানীমূলক প্রতিবেদন তৈরি বেড়েছে। কিন্তু কড়াকড়ি আরোপ থাকায় দেশটিতে এ ধরনের প্রতিবেদন তৈরি সাংবাদিকদের জন্য বিপজ্জনক। এ ধরনের প্রতিবেদনকে ‘নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি’ বা ‘সরকারি গোপন তথ্য প্রকাশ’-এর অভিযোগ এনে গত বছর কমপক্ষে ৩৪ জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিবেদনে উদাহরণস্বরূপ সাংবাদিক কুই চঙ্গ হুয়াইয়ের কথা তুলে ধরা হয়। বিকৃত করে সংবাদ প্রকাশ এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে কুইকে ২০০৮ সালে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু পরে আরেক প্রতিবেদনে পূর্বাঞ্চলীয় শাংদং প্রদেশে সরকারি দুর্নীতি ফাঁস করায় তাঁর কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে আট বছর করা হয়। এএফপি।