ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, আগামী বছরের শুরুতে আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার শুরু হতে পারে। এক অঘোষিত সফরে আফগানিস্তানে গিয়ে গতকাল মঙ্গলবার তিনি এ কথা বলেন। গত রোববার তিনি আফগানিস্তানের উদ্দেশে যাত্রা করেন। কবে তাঁর সফর শেষ হবে, তা জানানো হয়নি।আফগানিস্তানে মোতায়েন ব্রিটিশ সেনাদের কাজ নিয়ে মার্কিন ও আফগান কর্মকর্তারা ব্যাপক সমালোচনা করেছেন—মার্কিন গোপন কূটনৈতিক বার্তার এমন একটি তথ্য উইকিলিকস ওয়েবসাইট ফাঁস করার কয়েক দিন পর ডেভিড ক্যামেরন আফগানিস্তান সফরে গেলেন। ক্ষমতা গ্রহণের পর এটা তাঁর দ্বিতীয়বারের মতো আফগানিস্তান সফর।আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে প্রধান ব্রিটিশ ঘাঁটি ক্যাম্প ব্যাসনে প্রধানমন্ত্রী ক্যামেরন সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন, ২০১১ সালে ব্রিটিশ সেনা প্রত্যাহার শুরু করা সম্ভব হবে। তালেবানের বিরুদ্ধে যুদ্ধে উন্নতি এবং আফগান সেনা ও পুলিশ বাহিনীর প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি তাঁকে সেনা প্রত্যাহারের ব্যাপারে আশাবাদী করে তুলেছে। আফগান ন্যাশনাল আর্মি, রয়্যাল স্কট ও হেলমান্দ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন, সেনা প্রত্যাহারের জন্য এমন অনেক ক্ষেত্রই তৈরি হয়েছে।গত রোববার হেলমান্দে নিহত দুই ব্রিটিশ সেনার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ক্যামেরন। ব্রিটিশ সেনাদের গুলিতে ওই দুই সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ তদন্তেরও আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল স্যার ডেভিড রিচার্ডসও রয়েছেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে এর আগে জেনারেল রিচার্ডস বলেছিলেন, আগামী বছর সেনা প্রত্যাহার শুরুর কোনো পরিকল্পনা নেই।প্রধানমন্ত্রী ক্যামেরন গত মাসে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের কাছে অঙ্গীকার করেন, ২০১৫ সালের মধ্যে আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার করা হবে। দেশটিতে ১০ হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। যুদ্ধে এ পর্যন্ত ৩৪৬ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছেন।এএফপি, বিবিসি।