বিশ্বে সাংবাদিক আটকের ঘটনা গত ১৫ বছরের মধ্যে এ বছর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিকদের অধিকার রক্ষা সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১১ সালে সবচেয়ে বেশি সাংবাদিক আটকের ঘটনা ঘটেছে ইরান, ইরিত্রিয়া ও চীনে। সংস্থাটি বলেছে, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত ১৭৯ জন প্রতিবেদক, সম্পাদক ও আলোকচিত্রীকে বন্দী করা হয়েছে, যা ২০১০ সালে আটক সাংবাদিকদের চেয়ে ৩৪ জন বেশি।কারাবন্দী এসব সাংবাদিকের প্রায় অর্ধেকই অনলাইন সাংবাদিকতার সঙ্গে জড়িত। এর মধ্যে ৪৫ ভাগ ফ্রিল্যান্স (স্বাধীন) সাংবাদিক। টানা দ্বিতীয় বছরের মতো ইরান এ বছরও সাংবাদিক আটকের দিক দিয়ে শীর্ষে রয়েছে। চলতি বছর এ পর্যন্ত ৪২ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। এরপর রয়েছে ইরিত্রিয়া। সে দেশে ২৮ জন সাংবাদিককে আটক করা হয়। এ ছাড়া চীনে ২৭ জন, মিয়ানমারে ১২ ও ভিয়েতনামে নয়জন সাংবাদিককে বন্দী করা হয়েছে। সিপিজে বলেছে, বিশ্বব্যাপী বেশির ভাগ সাংবাদিক কারাভোগ করছেন সরকারবিরোধী সমালোচনা করে। এএফপি।