মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তাঁর নেই। এমনকি অন্য কোনো নির্বাচনেও অংশ নেওয়ার আগ্রহ নেই তাঁর।ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন গত রোববার এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে যা করছি, তা নিয়ে আমি খুব খুশি। ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেওয়ার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার।’হিলারি আরও বলেন, ‘আমি আমার কাজ ভালোবাসি। মার্কিন নাগরিকদের মূল্যবোধ, স্বার্থ ও তাঁদের নিরাপত্তার জন্য যা করণীয়, তা করার ক্ষেত্রে আমি অঙ্গীকারবদ্ধ।’সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ২০০৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থিতা অর্জনে ব্যর্থ হন। প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে যান তিনি। এর পর থেকেই গুঞ্জন চলছে, আগামী নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। ২০১২ সালের নির্বাচনে হয় প্রেসিডেন্ট ওবামার রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে অথবা ওবামার জনপ্রিয়তায় ধস নামলে সে ক্ষেত্রে সরাসরি প্রেসিডেন্ট পদেই তাঁর লড়াই করার গুজব চলে আসছিল।সাক্ষাৎকার দেওয়ার সময় গুজবের বিষয়টি হিলারিকে বারবার স্মরণ করিয়ে দিলে তিনি প্রথমে এতে পাত্তাই দিতে চাননি। পরে হঠাৎ বলে উঠেন, ২০১২ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনাই নেই তাঁর। ডেইলি মেইল।