২০১৩ সালে আফগানিস্তানে সামরিক অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষিত সময়সীমার এক বছর আগে ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানে সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর পরের সময়টা তারা সেখানে আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতার কাজ করবে।বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে গত বুধবার বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।আগামী মাসগুলোতে মার্কিন বাহিনী যে আফগানিস্তানে সহায়তাকারীর ভূমিকা নিতে যাচ্ছে, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্যানেট্টা। তবে তাঁর নতুন এ মন্তব্য থেকে মার্কিন প্রশাসনের এ মনোভাব পরিষ্কার হয়েছে যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ আফগানিস্তানে অভিযান শেষ করতে চায় তারা।লিওন প্যানেট্টা বলেন, ‘আশা করা যায়, ২০১৩ সালের মাঝামাঝি থেকে শেষ নাগাদ আমরা অভিযান ছেড়ে প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগীর ভূমিকা নিতে সক্ষম হব।’আফগানিস্তানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৯৯ হাজার সেনা মোতায়েন আছে। এর মধ্যে ২২ হাজার সেনা এ বছর দেশে ফেরার কথা রয়েছে। বাকি ৬৮ হাজার সেনা পরের বছর আফগানিস্তানে থাকবে।মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে, ২০১৪ সালের মধ্যে তারা আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে। তবে কীভাবে কোন প্রক্রিয়ায় তা করা হবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো পরিকল্পনা ঘোষণা করেনি পেন্টাগন। প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা এই প্রথম মৌখিকভাবে একটি বিষয় জানালেন।প্যানেট্টা বলেন, বিপদের কথা হলো, আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে যেসব এলাকার নিরাপত্তার দায়িত্ব তাদের কাছে হস্তান্তর করা হয়েছে, সেখানে সংঘাত নতুন করে দানা বাঁধছে।প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার জন্য যখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন পেন্টাগন-প্রধানের এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে ওবামা প্রশাসন উত্তরাধিকার সূত্রে পাওয়া আফগান যুদ্ধের ইতি টানতে চাইছে। এর আগে গত ডিসেম্বরে তারা ইরাক যুদ্ধও শেষ করেছে।ইরাকের ক্ষেত্রেও ঠিক একই ধরনের প্রক্রিয়া অবলম্বন করেছিল ওবামা প্রশাসন। প্রথমে সেখানে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর অভিযান ছেড়ে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার দায়িত্ব নেয় মার্কিন বাহিনী।প্রতিরক্ষামন্ত্রী প্যানেট্টা জানান, সামরিক অভিযান আগামী বছর শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আফগানিস্তান থেকে মার্কিন ও জোট সেনা প্রত্যাহারের জন্য ২০১৪ সালের সময়সীমা অতিক্রম করতে চায় না যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবান আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে বলে জানা গেছে ফাঁস হয়ে যাওয়া এক প্রতিবেদন থেকে। বিবিসি ও টাইমস গত বুধবার জানায়, প্রতিবেদনটি তৈরি করেছে ন্যাটো। এর শিরোনাম ‘স্টেট অব দ্য তালেবান’। এতে আরও বলা হয়েছে, তালেবানকে সক্রিয় সহায়তা দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আফগান তালেবান নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। কৌশলগত পরামর্শসহ নানা সহায়তা দিচ্ছে।বিবিসি জানায়, গ্রেপ্তার হওয়া চার হাজারের বেশি তালেবান ও আল-কায়েদা জঙ্গিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করেছে ন্যাটো। এএফপি ও বিবিসি।