বিশ্বে চলতি বছর দায়িত্ব পালন করতে গিয়ে ৭১ জন সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরডব্লিউবি) গত বুধবার এ তথ্য প্রকাশ করেছে।
আরডব্লিউবি জানায়, গত বছরের তুলনায় চলতি বছর সাংবাদিক হত্যার ঘটনা কমেছে। গত বছর বিশ্বে ৮৮ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। তবে গত বছরের তুলনায় সাংবাদিক অপহরণের সংখ্যা বেড়ে গেছে। গত বছর ৩৮ জন সাংবাদিক অপহরণের শিকার হয়েছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক অপহূত হন সহিংসতাকবলিত দেশ সিরিয়ায়। বর্তমানে দেশটিতে ১৮ জন বিদেশি ও ২২ জন স্থানীয় সাংবাদিক অপহূত বা নিখোঁজ রয়েছেন।
আরডব্লিউবি আরও জানায়, সিরিয়া ছাড়াও সোমালিয়া ও পাকিস্তান সাংবাদিকতার জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এর বাইরে ভারত, ফিলিপাইন, ব্রাজিল ও মেক্সিকোকে গণমাধ্যমের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করা হয়েছে। আরডব্লিউবির গত বছরের তালিকায়ও গণমাধ্যমের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকার শীর্ষে ছিল উল্লিখিত পাঁচটি দেশ।
বিশ্বের বিভিন্ন দেশে ১৭৮ জন সাংবাদিক কারাবন্দী আছেন বলে জানিয়েছে আরডব্লিউবি। ইন্ডিয়ান এক্সপ্রেস।