২০১৩ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড চীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে চীনে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বার্ষিক পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে অপরাধ দমনের ‘ঐতিহ্যবাহী প্রথাটির’ পক্ষে চীন গতকাল বৃহস্পতিবার সাফাই গেয়েছে। অ্যামনেস্টির এক প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে গত বছর মোট ৭৭৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর কেবল চীনেই কয়েক হাজার মানুষকে ‘বিচারিক প্রক্রিয়ায় হত্যা’ করা হয়েছে। তবে রাষ্ট্রীয় তথ্য প্রকাশে বেইজিং অতি গোপনীয়তা রক্ষা করে বলে দেশটিতে মৃত্যুদণ্ডের সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করা সম্ভব হয়নি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই অ্যামনেস্টির ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে গতকাল বলেন, চীনের বিরুদ্ধে এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।
অ্যামনেস্টি আরও জানায়, গত বছর সারা বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ছিল আগের বছরের চেয়ে বেশি। ২০১২ সালে মোট ৬৮২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। ২০১৩ সালে চীনের পর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইরাক। এই দুটি দেশে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ছিল যথাক্রমে ৩৬৯ ও ১৬৯টি। এ ছাড়া সৌদি আরবে ৭৯, যুক্তরাষ্ট্র ৩৯ ও সোমালিয়ায় ৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বাংলাদেশ ও আফগানিস্তানে দুটি করে মৃত্যুদণ্ড কার্যকর হয়। এএফপি।