বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিধর দেশগুলোর নেতারা ২০১৩ সালের মধ্যে তাঁদের জাতীয় বাজেটের ঘাটতি অর্ধেকে নামিয়ে আনার এবং ২০১৬ সালের মধ্যে একটি টেকসই মূলধনের ভিত্তি স্থাপনে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কানাডার টরন্টোতে জি-২০ সম্মেলনের শেষ দিনে গত রোববার তাঁরা এ অঙ্গীকার ব্যক্ত করেন। নেতারা একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিরাপত্তা বিধানের প্রত্যয় ব্যক্ত করে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে সম্মেলনের শেষ দিনেও এর বিরোধিতা করে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে।কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেন, ‘বিশ্ব আর্থিক ঘাটতি পুনরুদ্ধারে আমাদের অনেক কিছু করতে হবে।’ তিনি বলেন, আগামী অর্থবছরেই কানাডা তাদের লক্ষ্য অর্জনে সমর্থ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘বিরূপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই; বরং ধীরস্থিরভাবে লক্ষ্য পূরণে এগিয়ে গেলে তা স্থায়িত্ব পাবে।’ তিনি বলেন, বর্তমান অবস্থায় রাতারাতি সবার জন্য চাকরির বাজার সৃষ্টি করা একটু কঠিন। আশাব্যঞ্জক বিশ্ববাজার, কৃচ্ছ্রসাধন ও পরিচালন ব্যয় কমানোর মাধ্যমেই আর্থিক ঘাটতি পূরণ সম্ভব হবে বলে বিশ্বনেতারা মতামত প্রকাশ করেন। সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের প্রস্তাবনায় তৃতীয় বিশ্বের দেশগুলোর মাতৃত্ব ও শিশুস্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ জন্য ৫০ লাখ ডলার ব্যয়ের প্রতিশ্রুতিও পাওয়া গেছে।এদিকে সম্মেলনের শেষ দিনেও বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখে। ভোর থেকেই নিরাপত্তা বাহিনীর বাড়তি কড়াকড়িতে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ হয়েছে। সকালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডাউন টাউন ক্যাম্পাস থেকে ছাত্র নয় এমন সন্দেহজনক ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। পথচারীসহ সাংবাদিক, সরকারি কর্মচারী কেউই নিরাপত্তাতল্লাশি থেকে রেহাই পাননি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত দুই দিনে ৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল ১০টার দিকে কুইন ও স্পাডিনা সড়কে মারমুখী বিক্ষোভকারীদের দেখে পুলিশ সাংবাদিকদের সতর্ক করে দেয় যে তারা কাঁদানে গ্যাস ব্যবহার করতে পারে। এ জন্য উপস্থিত সাংবাদিকদের গ্যাস-মুখোশ সরবরাহ করা হয়। তবে পরিস্থিতি হঠাৎ শান্ত হয়ে গেলে পুলিশকে আর কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়নি। তবে এখানে প্রায় ৬০-৭০ জনকে গ্রেপ্তার করা হয়। টরন্টো সিটির মেয়র গত শনিবারের ভয়াবহ হাঙ্গামা, দোকানপাট ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই কি আমাদের টরন্টো শহর। এ রকম তো আগে কখনো ঘটতে দেখিনি।’এদিকে জি-২০ সম্মেলনের দাঙ্গা-হাঙ্গামার বিষয়টি কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান দৈনিকগুলোতে ফলাও করে প্রচার করা হয়। গণমাধ্যম বিশ্লেষকেরা তাঁদের মতামত ব্যক্ত করে বলেন, বিশ্বের বড় অর্থনৈতিক শক্তি ও বিকাশমান অর্থনৈতিক শক্তির দেশগুলোর এই সম্মেলন ঠিক কতটা ফলপ্রসূ হবে, তা তাদের আর্থিক কর্মসূচির বিচক্ষণতার ওপর নির্ভর করবে। ক্রমবর্ধমান অস্ত্র প্রতিযোগিতা ও গৃহযুদ্ধ ঠেকাতে না পারলে আর্থিক মন্দা থেকে পরিত্রাণ সত্যিই দুরূহ হবে।