২০১৪ সালের নির্বাচনে প্রার্থী হতে পারেন লুলা দ্য সিলভা
ব্রাজিলের জনপ্রিয় বিদায়ী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা ২০১৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন। তিনি আগামী জানুয়ারি মাসে রাজনৈতিক মিত্র দিলমার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তাঁর চিফ অব স্টাফ গিলবার্তো কারভালহো এ তথ্য জানিয়েছেন।ও গ্লোবো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কারভালহো বলেন, ‘আমি মনে করি, তিনি (লুলা) রাজনৈতিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করবেন। যদি দিলমার সরকার ভালো করে এবং আগামী নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে, তাহলে দিলমাই পুনর্নিবাচনের জন্য প্রার্থী হবেন। কিন্তু তিনি সংকটে পড়লে এবং ওই সংকট মোচনে প্রয়োজনে তিনি নিজেই আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন।’ সাক্ষাৎকারটি গত রোববার প্রকাশিত হয়। আট বছর ক্ষমতায় থাকার পরও লুলার ৮৭ শতাংশ জনসমর্থন রয়েছে। ব্রাজিলের সংবিধান অনুযায়ী কেউ পরপর তিনবার প্রেসিডেন্ট হতে পারেন না। এএফপি।