২০১৪ সালের পর আফগানিস্তান সরকার ভেঙে পড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান সরকার এখনই যথাযথ পদক্ষেপ না নিলে ২০১৪ সালে ন্যাটো বাহিনী সরে যাওয়ার পর পরই দেশটির সরকারব্যবস্থা ভেঙে পড়তে পারে। এমনকি সেখানে বড় ধরনের গৃহযুদ্ধও লেগে যেতে পারে। দি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) নামের একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে আফগান সরকার আইসিজির এই দাবিকে ‘অজ্ঞতাপ্রসূত’ ও ‘আজেবাজে’ কথা হিসেবে আখ্যায়িত করেছে।ব্রাসেলসভিত্তিক সংস্থা আইসিজি তার প্রতিবেদনের ওপর পুরদস্তুর আস্থা প্রকাশ করে জানিয়েছে, আফগানিস্তানের পতন ঠেকাতে হলে একটি স্থিতিশীল হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নিতে হবে। সময় বয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এটা নিশ্চিত, পরিস্থিতি যদি এ রকমই থাকে, তবে ২০১৪ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও বড় ধরনের বিপর্যয় হবে। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এমনিতেই ক্রমশ নাজুক হচ্ছে। ২০১৪ সালের পর যে পরিস্থিতি ভয়াবহ হবে, সেটা নিশ্চিত।প্রতিবেদনে এও বলা হয়েছে, আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই পুনঃপ্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে কলকাঠি নাড়তে পারেন। আফগান সরকার যদি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে তা হয়তো জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি সৃষ্টি করবে। এই জরুরি অবস্থা হয়তো পরে দেশটির পতন ডেকে আনবে।এদিকে আফগান সরকারের পক্ষ থেকে আইসিজির প্রতিবেদন নাকচ করে বলা হয়, এই প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। এক বিবৃতিতে বলা হয়, ‘আফগান জাতি ২০০২ সালে জন্ম নেয়নি। আমাদের ইতিহাস পাঁচ হাজার বছরের। আমরা অতীতে “সুপার পাওয়ার”দের সঙ্গে লড়াই করেছি। আমাদের জাতীয় পুলিশ ও সামরিক বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত।’সরকারে মুখপাত্র বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি প্রতিশ্রুতি অনুযায়ী ভবিষ্যতে আমাদের প্রতি তাদের সহযোগিতা বজায় রাখে, তা হলে ২০১৪ সালে ন্যাটো বাহিনী সরে যাওয়ার পর আফগানিস্তানের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।’ বিবিসি।